বিএনপির ৩ নেতাকে অব্যাহতি
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর হাতিয়া উপজেলা বিএনপির তিন নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে অব্যাহতি দেয়া হয়েছে। অব্যাহতি প্রাপ্ত নেতারা হলেন, হাতিয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মোছলেহ উদ্দিন নিজাম চৌধুরী, যুগ্ম-সম্পাদক মো. আলমগীর কবির, এবং যুগ্ম-সম্পাদক আকরাম উদ্দিন রনি।
বুধবার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান সই করা চিঠিতে তাদের অব্যাহতি দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, ‘দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে গত ৯ নভেম্বর আপনাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। পরে ১১ নভেম্বর আপনারা নোটিশের জবাব দিয়েছেন। জবাব গ্রহণযোগ্য না হওয়ায় আপনাদের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হইল।’
জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক ওমর ফারুক টপি চিঠির বিষয়ে বলেন, শোকজের জবাব সন্তোষজনক না হওয়ায় তাদেরকে নিজ নিজ পদ থেকে অব্যাহতি দিয়ে চিঠি দেওয়া হয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান বলেন, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে স্ব-স্ব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় প্রভাব বিস্তার করে যেই অনিয়ম করবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
