বিকালে ঢাকা স্টেডিয়াম সন্ধ্যায় কিংস অ্যারিনায়
ক্রীড়া প্রতিবেদক
আগামী ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে প্রীতি ম্যাচে মাঠে নামার কথা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের। সেই সূচিকে সামনে রেখেই সম্প্রতি কলকাতায় ভেন্যু পরিদর্শনে এসেছিল সে দেশের ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) প্রতিনিধি দল। কিন্তু সল্টলেকের মাঠ ও গ্যালারির প্রস্তুতিতে ব্রাজিলিয়ান প্রতিনিধিরা অসন্তুষ্ট বলে গুঞ্জন উঠেছে, ফলে ভারত সফরের ভেন্যু পরিবর্তন বা বিকল্প পরিকল্পনার আভাস মিলছে। এ অনিশ্চয়তার মাঝেই গতকাল হঠাৎ ঢাকায় এসে পৌঁছায় ব্রাজিলের পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল। বেলা ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোজা তারা চলে যান দেশের প্রধান ক্রীড়া ভেন্যু ঢাকা জাতীয় স্টেডিয়ামে। ব্রাজিলের পুরুষ জাতীয় দলের জেনারেল সুপারভাইজার সের্জিও দিমাস দে অলিভেইরার নেতৃত্বে এই প্রতিনিধি দলে ছিলেন অ্যাডমিনিস্ট্রেটর ভিনিসাস বারোজো কস্তা, মার্কেটিং ম্যানেজার হোসে ভিতর সেনাতোরে, ফিজিওলজিস্ট গিলের্মে পাসোস এবং নিরাপত্তা কর্মকর্তা ব্রুনো মাজ্জেই রেইস। তারা স্টেডিয়ামের মূল মাঠ, ড্রেনেজ ব্যবস্থা ও ড্রেসিংরুম খুঁটিয়ে পরিদর্শন করেন। এবং সন্তুষ্টি প্রকাশ করেন।
পরবর্তীতে প্রতিনিধি দলটি বসুন্ধরা স্পোর্টস সিটির আধুনিক বসুন্ধরা কিংস অ্যারিনা ও এর প্র্যাকটিস গ্রাউন্ড ঘুরে দেখে মুগ্ধতা প্রকাশ করে। পরে তারা গোল্ডস জিমও পরিদর্শন করেন। খেলোয়াড়দের জিম ও অন্যান্য বিশ্বমানের সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ শেষে সের্জিও দিমাস বলেন, ‘এখানকার পরিবেশ এক কথায় চমৎকার। সিটি এবং ফুটবল স্টেডিয়াম দুটোই আন্তর্জাতিক মানের।’ আসন্ন উইন্ডোতে ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি প্রীতি ম্যাচ খেলে সরাসরি ভারতে যাওয়ার কথা রয়েছে ভিনিসাস জুনিয়রদের। তবে নতুন গুঞ্জন অনুযায়ী, ভারতের বিকল্প ভেন্যু হিসেবে বা ৩০ সেপ্টেম্বর ঢাকায় এসে অনুশীলন সেরে ভারতে যাওয়ার সম্ভাব্যতা যাচাই করছে সিবিএফ। এমনকি ভবিষ্যতে বাংলাদেশের বিপক্ষে ব্রাজিলের প্রীতি ম্যাচ আয়োজনের প্রাথমিক পথ তৈরি হচ্ছে কি না-সে কৌতূহলও এখন তুঙ্গে।
