বিগত দিনে শিক্ষকরা বৈষম্যের শিকার হয়েছেন: নবীউল্লাহ নবী

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নবীউল্লাহ নবী বলেছেন, বিগত দিনে শিক্ষকরা বৈষম্যের শিকার হয়েছেন। তারা শান্তিতে শিক্ষকতাও করতে পারেননি। শিক্ষার মানোন্নয়নেও কাজ করেনি স্বৈরাচার সরকার। সাধারণ মানুষের অধিকার আদায়, ভাগ্য পরিবর্তনেও কোনো কাজ করেনি তারা। আমি নির্বাচিত হলে এলাকার মানুষের ভাগ্যের উন্নয়ন এবং শিক্ষার উন্নয়নে কাজ করতে চাই। মানুষের অধিকার নিশ্চিতের জন্যই আমার রাজনীতি।

রবিবার রাজধানীর ডেমরায় ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে ‘শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষক সমাবেশ’-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড. মো. নূর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান মোল্লা ও বেসরকারি শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মহাসচিব জাহিদ হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুল্লাহ। সমাবেশে দুই হাজারের বেশি শিক্ষক-শিক্ষিকা অংশ নেন।

শিক্ষকদের উদ্দেশ করে নবীউল্লাহ নবী বলেন, আমি নির্বাচিত হলে শিক্ষা প্রতিষ্ঠানের জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করবো। এমপি হয়ে আগামী পাঁচ বছর আপনাদের সেবা করতে চাই।

অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া পরিচালনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights