বিপ্লব উদ্যান হবে গ্রিন পার্ক: চট্টগ্রাম সিটি মেয়র

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিপ্লব উদ্যানের সব বাণিজ্যিক স্থাপনা ভেঙে ফেলা হবে। সবুজে ফিরানো হবে। বিপ্লব উদ্যান হবে গ্রিন পার্ক।

বৃহস্পতিবার সকালে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি জানানোর পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম, সচিব আশরাফুল আমিনসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা।
চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, আওয়ামী লীগ সরকারের লুটপাটকারীরা যখন ক্ষমতা নিয়েছে, সঙ্গে সঙ্গে এ বিপ্লব উদ্যানের সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। বিপ্লব উদ্যানে মার্কেটের জন্য যে স্থাপনাগুলো করা হচ্ছে সেগুলো ভেঙে দেওয়া হবে। এখানে আর কোনও নতুন স্থাপনা হবে না। এখানে সবুজের সমারোহ হবে। আবারও পাখি ডাকবে, মানুষ হাঁটবে ও অক্সিজেন নেবে। এখানে মালিক সমিতির যিনি সেক্রেটারি আছেন আমি তাকে নির্দেশ দিচ্ছি কাল (শুক্রবার) সেগুলো ভেঙে দেবেন। চসিকের কর্মকর্তারা সেখানে থাকবেন। আমরা এখানে একটি গ্রিন পার্ক করব।

প্রসঙ্গত, ২০১৯ সাল থেকে নগরের দুই নম্বর গেটে অবস্থিত বিপ্লব উদ্যানে সবুজায়ন ধ্বংস করে ‘বাণিজ্যিক স্থাপনা’ নির্মাণ শুরু করে চসিক। এ নিয়ে সেখানে কোনও ধরনের স্থাপনা নির্মাণ না করা এবং পুরনো স্থাপনা অপসারণের দাবি জানিয়ে আসছিল নাগরিক সমাজ, নগর–পরিকল্পনাবিদ ও বিভিন্ন সংগঠন। এসব আপত্তি আমলে না নিয়ে গত বছর আবারও নতুন স্থাপনা নির্মাণে চুক্তি করে চসিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights