বিমানবন্দর এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ
অনলাইন ডেস্ক
বিমানবন্দর সংলগ্ন এলাকা, বিমান চলাচল রুট, প্রশিক্ষণ এলাকা এবং উড্ডয়ন ও অবতরণ এলাকায় সকল প্রকার ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ ঘোষণা করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বেবিচক জানিয়েছে, আগামী ১৮ ডিসেম্বর ২০২৫ থেকে ১৫ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
এক বিজ্ঞপ্তিতে বেবিচক জানায়, দেশে অনুমোদনহীন ড্রোন উড্ডয়ন বিমান চলাচলের সুরক্ষা ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকিস্বরূপ, যা ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা–২০২০ এর পরিপন্থি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশেষ প্রয়োজনে ড্রোন উড্ডয়ন আবশ্যক হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের ছাড়পত্র গ্রহণ করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে। আবেদন যাচাই-বাছাই শেষে কর্তৃপক্ষ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে।
এ ছাড়া বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে ড্রোন উড্ডয়ন থেকে বিরত থাকার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় অনুমোদনহীন ড্রোন উড্ডয়নের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।
