বিয়ের প্রলোভনে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের মামলায় ছয় বছর পর মো. রাজীব (২৮) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৬ জুলাই) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক এস এম জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন।

আদালতের বেঞ্চ সহকারী কফিল উদ্দীন জানান, মামলায় পাঁচজন সাক্ষীর সাক্ষ্য ও অন্যান্য প্রমাণে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার নথি অনুযায়ী, ভুক্তভোগী তরুণী তার মায়ের সঙ্গে পতেঙ্গা থানার কাটঘর হিন্দুপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। দীর্ঘদিন ধরে রাজীব বিয়ের আশ্বাস দিয়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।

২০২০ সালের ৩ ফেব্রুয়ারি দুপুরে তরুণীর মা কর্মস্থলে থাকার সুযোগে রাজীব ওই বাসায় যান। একপর্যায়ে ঘরের দরজা বন্ধ করে তরুণীর মুখ চেপে ধরে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে মামলায় উল্লেখ করা হয়।

ঘটনার পর রাজীব ওয়াশরুমে ঢুকলে ভুক্তভোগী বাইরে থেকে দরজা আটকে প্রতিবেশীদের খবর দেন। পরে বাড়ির মালিক ও স্থানীয় লোকজন এসে তাকে আটক করেন। পরবর্তীতে ভুক্তভোগীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়।

এ ঘটনায় ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি ভুক্তভোগীর মা পতেঙ্গা থানায় মামলা দায়ের করেন। একই বছরের ১৩ ডিসেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচারকাজ শুরু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights