বিশ্ব নিরাপত্তা নিয়ে ফ্লোরিডায় ট্রাম্পের সঙ্গে ন্যাটো প্রধানের বৈঠক

অনলাইন ডেস্ক
ন্যাটো প্রধান মার্ক রুটে ফ্লোরিডায় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন। বিশ্ব নিরাপত্তা ও ন্যাটোর সাম্প্রতিক চ্যালেঞ্জ নিয়ে এই আলোচনা অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে ন্যাটোর মুখপাত্র ফারাহ ডাকলাল্লাহ। বৈঠকটি শুক্রবার পালম বিচে অনুষ্ঠিত হয়।

ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়ানোর জন্য ইউরোপকে চাপ দিয়েছিলেন এবং ন্যাটো জোটের ন্যায্যতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন। নভেম্বরের ৫ তারিখে ট্রাম্প পুনর্নির্বাচিত হওয়ার দুই দিন পরেই রুটে তার সঙ্গে বৈঠক করার আগ্রহ প্রকাশ করেছিলেন।

ইউরোপীয় নেতাদের একটি বৈঠকে রুটে সম্প্রতি বলেছেন, আমরা দেখতে পাচ্ছি উত্তর কোরিয়া, ইরান, চীন এবং অবশ্যই রাশিয়া একসঙ্গে কাজ করছে। তারা ইউক্রেনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তিনি আরও উল্লেখ করেন, রাশিয়া তাদের প্রযুক্তি উত্তর কোরিয়ায় সরবরাহ করছে, যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড এবং ইউরোপের জন্য হুমকি সৃষ্টি করছে।

ট্রাম্পের পুনর্নির্বাচন ইউরোপে উদ্বেগ তৈরি করেছে। বিশেষত, ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা বন্ধ হয়ে যেতে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন। ইউরোপীয় ও ন্যাটো মিত্ররা মনে করছেন, কিয়েভকে রাশিয়ার বিরুদ্ধে টিকিয়ে রাখা ইউরোপ ও আমেরিকার নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রুটে বলেন, এই চ্যালেঞ্জগুলো কীভাবে একসঙ্গে মোকাবিলা করা যায়, তা নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করার জন্য আমি আগ্রহী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights