বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে জবিতে দুই দিনব্যাপী সভা ও সেমিনার

‎রাকিব মাজহার,জবি প্রতিনিধি:

‎
‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৫’ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মনোবিজ্ঞান বিভাগে দুই দিনব্যাপী বিশেষ সভা ও সেমিনারের আয়োজন করা হয়েছে।
‎এ বছর দিবসটির প্রতিপাদ্য — “Access to Service: Mental Health in Catastrophes and Emergencies।”

‎

‎সোমবার (১৩ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে প্রথম দিনের কার্যক্রম শুরু হয়। শিক্ষক, শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে র‌্যালিটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

‎

‎র‌্যালি শেষে সকাল ১১টায় মনোবিজ্ঞান বিভাগে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

‎সেমিনারে কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফারজানা আহমেদ।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাইফ অ্যান্ড আর্থ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মালিক আকরাম হোসাইন, মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী সাইফুদ্দিন এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আরিফুল হক।

‎

‎সেমিনারে বক্তারা মানসিক স্বাস্থ্যের গুরুত্ব, সংকটকালে মানসিক সেবায় প্রবেশাধিকারের চ্যালেঞ্জ এবং শিক্ষার্থীদের মানসিক সুস্থতা রক্ষায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

‎

‎এছাড়া সেমিনারের অংশ হিসেবে ডিপ্রেশন, অ্যাংজাইটি ও স্ট্রেস ফ্রি এসেসমেন্ট কার্যক্রম এবং সেল্ফ-অওয়ারনেস ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীরা নিজেদের মানসিক অবস্থা ও মোকাবিলা কৌশল সম্পর্কে সচেতন হওয়ার প্রশিক্ষণ পান।

‎

‎আগামীকাল মঙ্গলবার (১৪ অক্টোবর) দ্বিতীয় দিনের কর্মসূচিতে শিক্ষার্থীদের জন্য আরও একটি বিশেষ ওয়ার্কশপ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

‎

‎উল্লেখ্য, প্রতি বছর ১০ অক্টোবর বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়। চলতি বছর ১০ অক্টোবর শুক্রবার হওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগ দিবসটি উদযাপন করছে ১৩ ও ১৪ অক্টোবর।

‎

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights