বিশ্বকাপ আইভরি কোস্টের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন আইভরি কোস্টের কোচ এমের্সে ফায়ে। ঘোষিত স্কোয়াডে সবচেয়ে বড় চমক দীর্ঘ বিরতির পর নিকোলাস পেপের জাতীয় দলে প্রত্যাবর্তন। পাশাপাশি দলে জায়গা পেয়েছেন তরুণ তারকা ইয়ান দিওমান্দে ও আমাদ ডায়ালো।

৩০ বছর বয়সী সাবেক আর্সেনাল ফরোয়ার্ড নিকোলাস পেপে গত আফ্রিকা কাপ অব নেশনসের দলে ছিলেন না। তখন কোচ ইঙ্গিত দিয়েছিলেন, মাঠের বাইরের কিছু বিষয়ই তার বাদ পড়ার কারণ। তবে স্পেনের ভিয়ারিয়ালের হয়ে দারুণ মৌসুম কাটানোর পর আবারও জাতীয় দলে ফিরেছেন তিনি। লা লিগায় ৮ গোল ও ৮ অ্যাসিস্ট করে দলকে চ্যাম্পিয়নস লিগে জায়গা পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন পেপে।

মার্চের প্রীতি ম্যাচে তার প্রত্যাবর্তন ঘটে। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হারলেও স্কটল্যান্ডের বিপক্ষে জয়সূচক গোল করে আলোচনায় আসেন এই ফরোয়ার্ড।

অন্যদিকে দলে জায়গা হয়নি আরেক পরিচিত মুখ উইলফ্রেড জাহার। গত আফ্রিকা কাপ অব নেশনসে দুই বছরের বিরতির পর ফিরলেও এবার তাকে বাদ দিয়েছেন কোচ ফায়ে।

দলের গুরুত্বপূর্ণ দুই তারকা হিসেবে আছেন আরবি লাইপজিগের ইয়ান দিওমান্দে এবং স্পোর্টিং সিপির ওসমানে দিওমান্দে। মাত্র ১৯ বছর বয়সী ইয়ান দিওমান্দে ইতোমধ্যেই ইউরোপের বড় ক্লাবগুলোর নজরে পড়েছেন, লিভারপুলসহ একাধিক ক্লাব তাকে পর্যবেক্ষণ করছে।

মিডফিল্ডে নেতৃত্ব দিচ্ছেন ফ্রাঙ্ক কেসিয়ে, তিনি ২০২৪ সাল থেকে অধিনায়ক। পাশাপাশি আছেন নটিংহাম ফরেস্টের ইব্রাহিম সাঙ্গারে ও ম্যানচেস্টার ইউনাইটেডের আমাদ ডায়ালো।

আক্রমণভাগে আছেন ইয়ান দিওমান্দে, আমাদ ডায়ালো, নিকোলাস পেপে, এভান গুয়েসাঁসহ একাধিক তারকা।

অভিজ্ঞ স্ট্রাইকার সেবাস্তিয়ান হলার এবারও দলে জায়গা পাননি। ২০২৩ আফ্রিকা কাপ অব নেশনসের ফাইনালে জয়সূচক গোল করা এই ফরোয়ার্ড দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে রয়েছেন।

কোচ এমের্সে ফায়ে ২০২৩ আফ্রিকা কাপ অব নেশনস জয়ের মাধ্যমে ইতিহাস গড়েন। তখন তিনি ছিলেন অন্তর্বর্তী কোচ, কিন্তু সেখান থেকেই দলকে শিরোপা এনে দেন।

এবারের বিশ্বকাপে আইভরি কোস্ট রয়েছে ‘গ্রুপ ই’-তে। তাদের প্রতিপক্ষ ইকুয়েডর, জার্মানি এবং অভিষিক্ত দেশ কুরাসাও।

আইভরি কোস্টের বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক: ইয়াহিয়া ফোফানা, মোহামেদ কোনে, আলবান লাফোঁ

ডিফেন্ডার: ইমানুয়েল আগবাদু, ক্লেমেন্ট আকপা, ওসমানে দিওমান্দে, গুয়েলা দোয়ে, ঘিসলাঁ কোনান, ওডিলন কসুনু, এভান এনদিকা, উইলফ্রিড সিঙ্গো

মিডফিল্ডার: সেকো ফোফানা, পারফে গুইয়াগন, ক্রিস্ট ইনাও ওলাই, ফ্রাঙ্ক কেসিয়ে, ইব্রাহিম সাঙ্গারে, জ্যাঁ-মিশেল সেরি

ফরোয়ার্ড: সাইমন আদিঙ্গ্রা, আনজে-ইয়ান বনি, আমাদ ডায়ালো, ওমার ডিয়াকিতে, ইয়ান দিওমান্দে, এভান গুয়েসাঁ, নিকোলাস পেপে, বাজুমানা তুরে, এলিয়ে ওয়াহি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights