বিশ্বকাপ দল ঘোষণা শ্রীলঙ্কার, ফিরলেন কামিন্দু

অনলাইন ডেস্ক

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়ার পর দ্রুতই ফিরলেন কামিন্দু মেন্ডিস। এই অলরাউন্ডারকে নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল দিল শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কা ক্রিকেট সোমবার (২ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে। ইংল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের দলে থাকা ব্যাটসম্যান ধনঞ্জায়া ডি সিলভা বাদ পড়েছেন। জায়গা হয়নি পেসার প্রামোদ মাদুশানেরও।

কামিন্দুর ফেরাটাই সবচেয়ে বেশি চমক হয়ে এসেছে। বিশ্বকাপের প্রাথমিক দলে থাকলেও, গত মাসে পাকিস্তানের বিপক্ষে সিরিজে কোনো ম্যাচে তিনি একাদশে সুযোগ পাননি। পরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দলে জায়গা হারান ২৭ বছর বয়সী ক্রিকেটার। এই দুই সিরিজে তিন ম্যাচ খেলে ভালো করতে না পারা ধনঞ্জায়ার জায়গাতেই মূলত ফেরানো হয়েছে কামিন্দুকে।

টি-টোয়েন্টিতে কামিন্দুর সাম্প্রতিক পারফরম্যান্সও তেমন ভালো হয়নি। শ্রীলঙ্কার হয়ে সবশেষ দুই ইনিংসে তার রান মোটে ১৫। গত ডিসেম্বরে আইএল টি-টোয়েন্টিতে এমআই এমিরেটসের হয়ে দুই ইনিংসে করতে পারেন ২০ রান। যদিও ডিসেম্বরের শেষ দিকে সবশেষ খেলা ম্যাচে সেঞ্চুরি করেন তিনি প্রথম শ্রেণির ক্রিকেটে।

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে কাঁধে চোট পেয়ে শেষ ম্যাচ থেকে ছিটকে পড়া ইশান মালিঙ্গাকেও রাখা হয়েছে চূড়ান্ত দলে। তবে আসরের শুরুতে ২৪ বছর বয়সী এই পেসারের খেলা নিয়ে রয়েছে শঙ্কা। এই সিরিজ দিয়ে দলে ফেরা টপ অর্ডার ব্যাটসম্যান পাভান রাত্নায়েকে টিকে গেছেন।

২০১৪ সালের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা আগামী রোববার কলম্বোয় আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। ‘বি’ গ্রুপের বাকি তিন দল অস্ট্রেলিয়া, ওমান ও জিম্বাবুয়ে।

শ্রীলঙ্কার বিশ্বকাপ দল : দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, কামিল মিশারা, কুসাল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, কুসাল পেরেরা, চারিথ আসালাঙ্কা, জানিথ লিয়ানাগে, পাভান রাত্নায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েলালাগে, মাহিশ থিকশানা, দুশমান্থা চামিরা, মাথিশা পাথিরানা, ইশান মালিঙ্গা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights