বিশ্বকাপ না জিতেও জার্সিতে সাত তারকা, মিশরকে সতর্ক করল ফিফা

অনলাইন ডেস্ক

বিশ্বকাপের শিরোপা না জিতেও জাতীয় দলের জার্সিতে সাতটি তারকা ব্যবহার করায় মিশর ফুটবল দলকে সতর্ক করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটি স্পষ্ট জানিয়েছে, বিশ্বকাপের ম্যাচে সাত তারকাসংবলিত জার্সি পরে মাঠে নামতে পারবে না মিশর। খবর ইএসপিএনের।

আফ্রিকা কাপ অব নেশন্সে রেকর্ড সাতবার চ্যাম্পিয়ন হওয়ার স্মারক হিসেবে দীর্ঘদিন ধরেই নিজেদের জার্সিতে সাতটি তারকা ব্যবহার করে আসছে মিশর। তবে চলতি বছরের শুরুতেই এ বিষয়ে মিশর ফুটবল অ্যাসোসিয়েশনকে আনুষ্ঠানিকভাবে অবহিত করে ফিফা এবং তাদের কিট প্রস্তুতকারী প্রতিষ্ঠান পুমাকেও নকশায় পরিবর্তন আনার নির্দেশ দেয়।

মিশর ফুটবল অ্যাসোসিয়েশনের মিডিয়া কর্মকর্তা মোহামেদ মোরাদ ছাবেত জানান, এটি ছিল একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া। চার মাস আগে ফিফা তাদের জানিয়েছিল যে, বিশ্বকাপের ম্যাচে জাতীয় দলের জার্সিতে আফ্রিকা কাপ অব নেশন্সের সাফল্যের প্রতীক হিসেবে তারকা প্রদর্শন করা যাবে না।

তার ভাষ্য, ‘এটি শুধুই একটি আনুষ্ঠানিক নোটিফিকেশন ছিল। আমরা বিষয়টি আগেই অনুমান করেছিলাম এবং প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন করে রেখেছিলাম।’

সাধারণভাবে বিভিন্ন দেশের ফুটবল ফেডারেশন নিজেদের ঐতিহাসিক সাফল্য স্মরণে জার্সিতে তারকা যুক্ত করে থাকে। তবে বিশ্বকাপের ক্ষেত্রে ফিফার নীতিমালা স্পষ্ট—জার্সিতে কেবল বিশ্বকাপ জয়ের স্মারক হিসেবেই তারকা ব্যবহার করা যাবে।

এ ক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম উরুগুয়ে। দেশটির জার্সিতে থাকা চারটি তারকার মধ্যে দুটি ১৯৩০ ও ১৯৫০ সালের বিশ্বকাপ জয়ের স্মারক, আর বাকি দুটি ১৯২৪ ও ১৯২৮ সালের অলিম্পিক ফুটবলে স্বর্ণপদক জয়ের স্বীকৃতি হিসেবে ব্যবহৃত হয়। ওই দুটি অলিম্পিক আসর ফিফার তত্ত্বাবধানে অনুষ্ঠিত হওয়ায় এ ব্যতিক্রম অনুমোদিত।

২০১৮ সালের পর আবারও বিশ্বকাপে ফিরছে মিশর। রাশিয়ায় অনুষ্ঠিত সেই আসরে তারা গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছিল এবং তিনটি ম্যাচেই পরাজিত হয়েছিল। এর আগে ১৯৩৪ ও ১৯৯০ সালের বিশ্বকাপেও অংশ নিলেও এখন পর্যন্ত টুর্নামেন্টে কোনো ম্যাচ জয়ের স্বাদ পায়নি উত্তর আফ্রিকার দলটি।

আসন্ন বিশ্বকাপে সোমবার সিয়াটলে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে মিশর। এরপর ছয় দিন পর ভ্যানকুভারে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে তারা। গ্রুপ ‘জি’-তে নিজেদের শেষ ম্যাচে ২৬ জুন সিয়াটলেই ইরানের বিপক্ষে মাঠে নামবে মিশর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights