বিশ্বকাপ : বাংলাদেশের সামনে পড়তে পারে ইতালি
অনলাইন ডেস্ক
আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে যৌথভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। যেখানে অংশ নেবে ২০টি দল। গ্রুপ পর্বে বাংলাদেশকে খেলতে হতে পারে ইতালির বিপক্ষে। প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছে ইতালি।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত সূচি প্রকাশ না করা হলেও গ্রুপিং কেমন হতে পারে সেটারই একটা ধারণা পাওয়া গেছে। ক্রিকবাজ সম্প্রতি ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য গ্রুপিং নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী- সবচেয়ে কঠিন গ্রুপে পড়তে যাচ্ছে বাংলাদেশ। টাইগারদের সঙ্গে একই গ্রুপে রয়েছে সাবেক দুই চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। সেই সঙ্গে আছে নেপাল এবং প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পাওয়া ইতালি।
প্রতিবেদন অনুযায়ী- চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান পড়েছে একই গ্রুপে। ভারতের গ্রুপে আরও থাকতে পারে নেদারল্যান্ডস, নামিবিয়া এবং যুক্তরাষ্ট্র। শিরোপাধারী ভারতকে তুলনামূলক সহজ গ্রুপে মনে করা হলেও পাকিস্তান ম্যাচকে ঘিরে চাপ থাকবে চরম।
