বিশ্বকাপে সেরা উদীয়মান ফুটবলারের দৌড়ে এগিয়ে যারা

অনলাইন ডেস্ক

ফিফা বিশ্বকাপ যত শেষ পর্বের দিকে এগোচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে নতুন প্রজন্মের ফুটবল তারকাদের উত্থান। অভিজ্ঞ তারকাদের পাশাপাশি এবারের আসরে নিজেদের পারফরম্যান্সে আলাদা করে নজর কাড়ছেন কয়েকজন তরুণ ফুটবলার। শেষ ষোলোর লড়াই শেষে টুর্নামেন্টের সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার ‘ফিফা ইয়ং প্লেয়ার অ্যাওয়ার্ডের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন চার প্রতিভাবান খেলোয়াড়।

১. লামিন ইয়ামাল (স্পেন)

স্পেনের লামিন ইয়ামাল শুরু থেকেই নিজের প্রতিভার ঝলক দেখিয়ে চলেছেন। হ্যামস্ট্রিং চোটের কারণে কোচ লুইস দে লা ফুয়েন্তে তাকে কিছুটা সতর্কতার সঙ্গে খেলালেও মাঠে নামলেই আক্রমণভাগে পার্থক্য গড়ে দিচ্ছেন এই তরুণ। বত্রিশ দলের পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজের প্রথম গোল করার পর শেষ ষোলোর ম্যাচে পর্তুগালের বিপক্ষে পুরো সময় খেলেছেন। স্পেনের কোয়ার্টার ফাইনালে ওঠার পেছনে তার অবদান ছিল উল্লেখযোগ্য।

২. আইয়ুব বুয়াদ্দি (মরক্কো)

মরক্কোর আইয়ুব বুয়াদ্দিও এবারের বিশ্বকাপের অন্যতম আলোচিত তরুণ। মাঝমাঠে দারুণ নিয়ন্ত্রণ, নিখুঁত পাস এবং পরিণত ফুটবল বুদ্ধিমত্তা দিয়ে দলের ছন্দ ধরে রেখেছেন তিনি। শেষ ষোলোর ম্যাচে সহ-স্বাগতিক কানাডার বিপক্ষে অসাধারণ পারফরম্যান্স করে মরক্কোর ঐতিহাসিক জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই মিডফিল্ডার।

৩. ডেজিরে ডুয়ে (ফ্রান্স)

ফ্রান্সের ডেজিরে ডুয়ে ধীরে ধীরে নিজেকে দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে প্রতিষ্ঠিত করছেন। প্যারাগুয়ের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে তার আদায় করা পেনাল্টি থেকেই আসে ফ্রান্সের জয়সূচক গোল। বড় ম্যাচে চাপ সামলানোর সামর্থ্য দেখিয়ে সেরা উদীয়মান ফুটবলারের দৌড়ে নিজের অবস্থান আরও শক্ত করেছেন তিনি।

৪. নিকো ও‘রিলি (ইংল্যান্ড)

ইংল্যান্ডের নিকো ও’রিলিও ধারাবাহিক পারফরম্যান্সে প্রশংসা কুড়াচ্ছেন। বাঁ দিকের রক্ষণভাগে নির্ভরতার প্রতীক হয়ে ওঠা এই তরুণ পাঁচ ম্যাচের চারটিতেই শুরুর একাদশে ছিলেন। মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে তার একটি শট পোস্টে লেগে ফিরে এলেও রক্ষণ, পাসিং ও ট্যাকলিংয়ে ছিলেন দলের অন্যতম সেরা পারফর্মার।

বিশ্বকাপ এখন কোয়ার্টার ফাইনালের মঞ্চে। শিরোপার লড়াইয়ের পাশাপাশি সেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার নিয়েও চলছে জমজমাট প্রতিযোগিতা। এখন দেখার বিষয়, এই চার তরুণের মধ্যে শেষ পর্যন্ত কে নিজের পারফরম্যান্স ধরে রেখে মর্যাদাপূর্ণ এই স্বীকৃতি অর্জন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights