বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা ফ্রান্সের, বাদ পড়লেন যারা

অনলাইন ডেস্ক

আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ফ্রান্স। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠেয় এই বৈশ্বিক আসরের জন্য ঘোষিত দলে বড় কোনো চমক রাখেননি কোচ দিদিয়ের দেশম।

এবারের বিশ্বকাপই হতে যাচ্ছে দেশমের শেষ মিশন। টুর্নামেন্ট শেষে দায়িত্ব ছাড়বেন ফরাসি এই সফল কোচ। ফলে শিরোপা জিতে বিদায় নেওয়ার লক্ষ্য নিয়েই দল সাজিয়েছেন তিনি।

দলের অধিনায়ক হিসেবে আস্থা রাখা হয়েছে কিলিয়ান এমবাপ্পের ওপর। আক্রমণভাগে তার সঙ্গে রয়েছেন বর্তমান ব্যালন ডি’অরজয়ী ওসমান দেম্বেলে। তরুণ ও অভিজ্ঞতার সমন্বয়ে ভারসাম্যপূর্ণ স্কোয়াড গড়েছে ফ্রান্স।

বিশ্বকাপজয়ী অভিজ্ঞ ফুটবলারদের মধ্যে আছেন এন’গোলো কান্তে ও লুকাস হার্নান্দেজ। এছাড়া নতুন প্রজন্মের কয়েকজন প্রতিভাবান ফুটবলারও জায়গা পেয়েছেন দলে।

তবে দলে জায়গা হয়নি এদুয়ার্দো কামাভিঙ্গার। মিডফিল্ডের এই তারকাকে বাদ দেওয়াটা অনেকের কাছেই বিস্ময় হিসেবে এসেছে। একইভাবে বাদ পড়েছেন রানদাল কোলো মুয়ানি। আর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ায় দলে ফেরেননি আঁতোয়ান গ্রিজমান।

গ্রুপ ‘আই’-এ ফ্রান্সের প্রতিপক্ষ সেনেগাল, ইরাক ও নরওয়ে। আগামী ১৬ জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান।

ফ্রান্সের বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক :
মাইক মেনিয়ান, রবিন রিসার, ব্রিস সাম্বা।

ডিফেন্ডার :
লুকাস দিন, মালো গুস্তো, লুকাস হার্নান্দেজ, ইব্রাহিমা কোনাতে, জুল কুন্দে, উইলিয়াম সালিবা, দায়ো উপামেকানো, ম্যাকসেন্স লাক্রোয়া, থিও হার্নান্দেজ।

মিডফিল্ডার :
এন’গোলো কান্তে, মানু কোনো, আদ্রিয়েন রাবিও, অরেলিয়েন চুয়ামেনি, ওয়ারেন জায়ের-এমেরি।

ফরোয়ার্ড :
ব্র্যাডলি বারকোলা, রায়ান চেরকি, ওসমান দেম্বেলে, দেজিরে দুয়ে, কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে, জ্যাঁ-ফিলিপ মাতেতা, মার্কুস থুরাম ও মাগনেস আকলিউশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights