বিশ্বনাথে পাহারা দিয়েও ঠেকানো যাচ্ছে না চুরি!
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি
সিলেটের বিশ্বনাথে রাত জেগে পাহারা দিয়েও ঠেকানো যাচ্ছে না চুরি। উপজেলা জুড়ে চুরির হিড়িক পড়েছে। এর আগে ঘটনা ঘটেছে সিরিজ চুরির। কৃষকের গবাদিপশু, বাসা-বাড়ির নলকূপ, তালা ভেঙ্গে ব্যবসা প্রতিষ্ঠান, বসতঘর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ সব চুরির ঘটনা ঘটেছে। এমনকি চোরদের কবল থেকে বাদ যাচ্ছে না ধর্মীয় উপাসনালয়। পুলিশের উদাসীনতায় নড়বড়ে নিরাপত্তাব্যবস্থা ও আশঙ্কাজনক হারে চুরি বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন উপজেলাবাসী।
সর্বশেষ গেল বুধবার (১১ ডিসেম্বর) পাহারা দিয়েও নিজের শেষ সম্বল গবাদি পশু, চোরদের হাত থেকে রক্ষা করতে পারেননি বিশ্বনাথ পৌরসভার হরিকলস গ্রামের কৃষক হারুন মিয়া। পাহারাকালে রাতের শেষ ভাগে তিনি ঘুমিয়ে পড়লে সংঘবদ্ধ চোরেরা তার ৬টি গরু নিয়ে যায়। যার বাজার মূল্য ৬ লাখ টাকা প্রায়।
এ ঘটনায় তিনি আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
কৃষক হারুন মিয়া জানান, চুরির আশঙ্কা থেকেই আমি প্রতিরাতে বারান্দায় বসে পাহারা দিরাত। ঘটনার রাতেও পাহারায় ছিলাম। শেষ রাতে ঘুমিয়ে পড়ায় আর কিছু টের পাইনি। সকালে উঠে দেখি গোয়াল ঘরের তালা ভাঙা। ঘরে একটিও নেই গবাদিপশু। আমার ১টি ষাঁড়, ৪টি গাভী এবং ১টি বাচুর নিয়ে গেছে চোরেরা। যার বাজার মূল্য প্রায় ৬ লাখ টকা।
এ বিষয়ে কথা হলে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ মো. রুবেল মিয়া বলেন, এ ঘটনায় একটি সাধারণ ডায়রি হয়েছে। ইতোমধ্যে ওই কৃষকের দুটি গরু উদ্ধার করা হয়েছে। আর ইতোপূর্বেও ঘটনাগুলো অস্বীকার করার সুযোগ নেই। তবে চুরি প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিত স্বাভাবিক রাখতে টহল জোরদার করেছে আমরা।
