বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৪ শিক্ষার্থী গ্রেফতার

সাভার প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় গণবিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে একই বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় সাভারের আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ঘোড়াপীরের মাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশ।

এর আগে, মঙ্গলবার আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী তরুণী।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার বাগলা টানবাড়ী গ্রামের ওমর ভূইয়ার ছেলে দেলোয়ার ভূইয়া (২২), মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার কলাহাটা গ্রামের জাকির হোসেন চিশতি মেথুর ছেলে তাজুল ইসলাম তাজ (২০), নেত্রকোনা জেলার বারহাট্টা থানার সাহামোয়াটি গ্রামের বিবেক চন্দ্র সাহার ছেলে শ্রাবন সাহা উৎস (২১) ও ঢাকা জেলার আশুলিয়া থানার নিরিবিলি এলাকার আবুল দেওয়ানের ছেলে অন্তু দেওয়ান (২৪)।

পুলিশ জানায়, গত সোমবার শিক্ষার্থীকে নিয়ে অভিযুক্তরা ঘুরতে বের হয়। একপর্যায়ে নেশা দ্রব্যখাইয়ে সাভারের বাইমাইল এলাকায় পালাক্রমে ধর্ষণ করে এবং ভিডিও ধারণ করে। পরে ভুক্তভোগী তরুণী বিশ্ববিদ্যালয়ে এসে মঙ্গলবার আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলার ভিত্তিতে চারজনকে বুধবার সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছে। আগামীকাল (আজ) তাদের আদালতে প্রেরণ করা হবে। এছাড়া ভুক্তভোগী তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

গণবিশ্ববিদ্যালয়ের গণসংযোগ বিভাগের সহকারী রেজিস্ট্রার সারমিন সুলতানা বলেন, ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ঘটনাটি অবহিত করেননি। কোনো অভিযোগ পেলে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights