বিশ্বমঞ্চে আলো ছড়ানো সাইবারিকে দলে ভেড়াল বায়ার্ন

অনলাইন ডেস্ক

মরক্কোর জার্সিতে বিশ্বকাপে দ্যুতি ছড়াতে না ছড়াতেই পুরস্কার পেয়ে গেছেন ইসমায়েল সাইবারি। ডাচ চ্যাম্পিয়ন পিএসভি আইন্দহোভেন থেকে এই ফরোয়ার্ডকে দলে টেনেছে বায়ার্ন মিউনিখ। ২৫ বছর বয়সী সাইবারির সঙ্গে চুক্তি করার কথা বুধবার জানিয়েছে জার্মান চ্যাম্পিয়নরা। চুক্তির মেয়াদ কিংবা আর্থিক কোনো বিষয় খোলাসা করা হয়নি।

তবে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ৫ কোটি ৫০ লাখ ইউরো খরচ করতে হয়েছে বায়ার্নের। বিশ্বকাপের পরপরই বুন্ডেসলিগার ক্লাবটির সঙ্গে যোগ দেবেন তিনি।

২০২০ সালে পিএসভিতে যোগ দেন সাইবারি। ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪২ ম্যাচে ৪২ গোল করেছেন তিনি। গত মৌসুমটা তার দুর্দান্ত কেটেছে। ২৭টি লিগ ম্যাচে ১৫ গোল করে দলের টানা তৃতীয় শিরোপা জয়ে রেখেছেন বড় ভূমিকা।

বিশ্বকাপে মরক্কোর দারুণ পথচলারও গুরুত্বপূর্ণ এক সেনানী সাইবারি। গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই গোল করেছেন তিনি। আফ্রিকার দলটির শেষ ষোলোয় জায়গা করে নেওয়ার পথেও তার ছিল বড় ভূমিকা। শেষ বত্রিশে নেদারল্যান্ডসের বিপক্ষে রোমাঞ্চ-উত্তেজনায় ঠাসা টাইব্রেকারে শেষ শটে জালে বল পাঠিয়ে দলকে উল্লাসে মাতান তিনিই।

শেষ ষোলোয় কানাডার মুখোমুখি হবে মরক্কো। গত বিশ্বকাপে আফ্রিকার প্রথম দেশ হিসেবে সেমি-ফাইনালে খেলার কীর্তি গড়েছিল তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights