বিশ্বের সর্বকনিষ্ঠ রাজা ওয়ো নাইম্বা ৩৪ বছর বয়সে মারা গেছেন

অনলাইন ডেস্ক

মাত্র তিন বছর বয়সে সিংহাসনে বসেছিলেন তিনি। তখনই পরিচিতি পেয়েছিলেন বিশ্বের সর্বকনিষ্ঠ রাজা হিসেবে। তিনি উগান্ডার তোরো রাজ্যের রাজা ওয়ো নাইম্বা কাবাম্বা ইগুরু রুকিদি চতুর্থ। ১৯৯৫ সালে রাজমুকুট উঠেছিল তাঁর মাথায়। শৈশবেই শুরু হয়েছিল রাজকীয় জীবন। দীর্ঘ ৩১ বছর রাজত্ব করেছেন তিনি। কিন্তু জীবন থেমে গেল মাত্র ৩৪ বছর বয়সে। শুক্রবার (২৮ আগস্ট) তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসে।

তোরো রাজ্যের প্রধানমন্ত্রী ক্যালভিন আর্মস্ট্রং রোওমিরে আকিকি বৃহস্পতিবার (২৭ আগস্ট) গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় রাজার মৃত্যুর খবর ঘোষণা করেন।

তিনি বলেন, ‘গভীর দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে আমি তোরোর মহামান্য ওমুকামা, রাজা ওয়ো নাইম্বা কাবাম্বা ইগুরু রুকিদি চতুর্থের মৃত্যুর খবর ঘোষণা করছি।’

প্রধানমন্ত্রী জানান, রাজা স্থানীয় সময় বৃহস্পতিবার রাত প্রায় ১০টার দিকে মারা যান। তবে তাঁর মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি।

এর আগে উগান্ডার প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনির সরকারের মন্ত্রী বালাম বারুগাহারা জানিয়েছিলেন, রাজা ওয়ো যুক্তরাষ্ট্রে চিকিৎসা নিচ্ছিলেন।

রাজা ওয়ো নাইম্বা ছিলেন তোরো রাজ্যের শাসক। উগান্ডার পশ্চিমাঞ্চলে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর সীমান্তের কাছে অবস্থিত এই রাজ্যটি দেশটির অন্যতম ঐতিহ্যবাহী রাজতন্ত্র।

উগান্ডা বর্তমানে একটি প্রজাতন্ত্র এবং দেশটির রাজনৈতিক ক্ষমতা নির্বাচিত সরকারের হাতে। তবে দেশটিতে কয়েকটি ঐতিহ্যবাহী রাজতন্ত্র এখনো টিকে আছে। এসব রাজপরিবারের রাজনৈতিক ক্ষমতা মূলত প্রতীকী হলেও সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে তাদের ব্যাপক প্রভাব রয়েছে।

রাজা ওয়োর বাবা রুকিরাবাসাইজা প্যাট্রিক ডেভিড ম্যাথিউ কাবোয়ো ওলিমি তৃতীয় মারা যাওয়ার পর ১৯৯৫ সালের ১২ সেপ্টেম্বর মাত্র তিন বছর বয়সে তিনি সিংহাসনে বসেন। পরবর্তী সময়ে তিনি বিশ্বের সর্বকনিষ্ঠ ক্ষমতাসীন রাজা হিসেবে পরিচিতি পান। সূত্র: রয়টার্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights