বুরকিনা ফাসোতে এবার জান্তা সরকারের বিরুদ্ধে অভ্যুত্থান চেষ্টা

অনলাইন ডেস্ক

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে আবারও অভ্যুত্থানের চেষ্টা হয়েছে। তবে সেই প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে দেশটির জান্তা সরকার। গত মঙ্গলবার এই অভ্যুত্থান চেষ্টা হয়।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বুরকিনা ফাসোর নিরাপত্তা ও গোয়েন্দা পরিষেবা গত মঙ্গলবার একটি অভ্যুত্থান প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক সরকার। জান্তা অভিযোগ করেছে, কিছু অফিসার এবং অন্যরা দেশকে অস্থিতিশীল করে বিশৃঙ্খলার মধ্যে ফেলে দেওয়ার পরিকল্পনা করেছিল।

পশ্চিম আফ্রিকার এই দেশটিতে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে ক্ষমতা দখলের মাত্র এক বছরেরও কম সময়ের মধ্যে ফের সেনা অভ্যুত্থানের এই চেষ্টা হলো।
এদিকে টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে বুরকিনা ফাসোর কর্তৃপক্ষ বলেছে, অভ্যুত্থান চেষ্টার ঘটনায় কিছু ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তবে কোনো বিষয়েরই সুনির্দিষ্ট বিবরণ সেখানে দেওয়া হয়নি।

অবশ্য সম্প্রতি বুরকিনা ফাসোর সেনাবাহিনীর মধ্যে অসন্তোষের খবর পাওয়া গেছে। এছাড়া গত মঙ্গলবার বিদ্রোহের গুজবের কারণে শত শত মানুষ জান্তার সমর্থনে রাজধানী ওয়াগাদুগুর রাস্তায় নেমে আসে।

উল্লেখ্য, ২০১৫ সাল থেকে সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান হামলা মোকাবিলায় রীতিমতো সংগ্রাম করছে বুরকিনা ফাসো। সশস্ত্র এসব গোষ্ঠীগুলোর বেশিরভাগই জঙ্গিগোষ্ঠী আল কায়দা এবং আইএস’র সঙ্গে সম্পৃক্ত। সূত্র: আল জাজিরা, বিবিসি, রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights