বৃষ্টিভেজা লর্ডসে ইংল্যান্ডের দাপট, লিড ৩৫৭
অনলাইন ডেস্ক
লর্ডসে তৃতীয় দিনটা যেন ছিল বৃষ্টিরই দখলে। ক্রিকেটের লড়াইয়ের চেয়ে আকাশের মেঘই বেশি প্রভাব বিস্তার করেছে পুরো দিনে। বৃষ্টির বাধা পেরিয়ে কোনোভাবে খেলা গড়িয়েছে মাত্র ২৪.৫ ওভার। তবে এত কম সময়ের খেলাতেই নিজেদের আগের দিনের লিডটা আরও বড় করেছে ইংল্যান্ড। ফলে ম্যাচের নিয়ন্ত্রণ এখন পুরোপুরি তাদের হাতে, আর বিশাল চাপে পড়েছে পাকিস্তান। তৃতীয় দিনের খেলা শেষে ইংলিশদের লিড দাঁড়িয়েছে ৩৫৭ রান।
দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৮১ রান নিয়ে দিন শুরু করেছিল ইংল্যান্ড। দিনের শুরুতেই বিদায় নেন এমিলিও গে। ৭৪ বলে ৩১ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যান গে। তাকে ফিরিয়েছেন মোহাম্মদ আব্বাস। এরপর হ্যারি ব্রুকের সাথে জুটি বেঁধেছেন ড্যান লরেন্স। দেখেশুনে এগিয়েছেন দুজন। উইকেটের চারপাশে খেলেছেন দারুণ সব শট।
পাকিস্তানের বোলারদের সামলে রান বের করেছেন ব্রুক-লরেন্স। ফিফটির দিকেই ছুটছিলেন ব্রুক। যদিও ফিফটিটা ছুঁতে পারেননি। ৫৬ বলে ৩৪ রানের ইনিংস খেলে দলের ১২৮ রানের মাথাতে সাজঘরে ফিরে যান হ্যারি ব্রুক। টিকে ছিলেন লরেন্স। এক প্রান্ত আগলে রেখে খেলে গেছেন তিনি। কার্যকরী ব্যাটিংয়ে রানও বের করেছেন। বাড়িয়েছেন দলের লিড।
আরেক প্রান্তে জেমি স্মিথ এবং গাস অ্যাটকিনসন দুজনই ৭ রান করে আউট হয়েছেন। জেমি খেলেছেন ১৩ বল, অ্যাটকিনসন খেলেন ২১ বল। এরপর লরেন্সের সাথে যোগ দিয়েছেন ওলি রবিনসন। ফিফটি ছুঁয়ে ফেলেন ড্যান লরেন্স। ইংল্যান্ড ৭ উইকেট হারিয়ে ১৭৭ রান তোলার পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়, এরপর আর মাঠে গড়ায়নি কোনো বল।
দিনের খেলা শেষ হয়েছে এখানেই, ইংলিশদের লিড ৩৫৭ রানের। ৬৬ বলে ৫০ রান করে ক্রিজে টিকে আছেন ড্যান লরেন্স। অন্যদিকে ২ বলে ২ রান করে অপরাজিত আছেন ওলি রবিনসন।
পাকিস্তানের হয়ে ৩ উইকেট নিয়েছেন মোহাম্মদ আব্বাস। এছাড়া ২টি করে উইকেট শিকার করেন খুররাম শাহজাদ এবং মোহাম্মদ আলি।
