বৃষ্টির পানিতে হাঁটার সময় বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কদমতলীর জুরাইন রিশি পাড়া মেইন রোড এলাকায় বৃষ্টির পানিতে হাঁটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনোয়ার হোসেন (৫৫) নামে এক বই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আনোয়ার হোসেন যাত্রাবাড়ীর শহীদ ফারুক স্মরণী রোড এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। তার বাবার নাম শাহজাহান মিয়া।

নিহত স্বজন ও প্রতিবেশী তৈয়ব আলী জানান, আনোয়ার হোসেন তার শ্যালকের বাসায় কোরবানির গরু কিনে দিতে জুরাইন রিশি পাড়ায় গিয়েছিলেন। বাসা থেকে বের হয়ে রাস্তায় জমে থাকা পানির মধ্য দিয়ে হাঁটার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন তিনি।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে এবং পরে দুপুর পৌনে ২টার দিকে ঢামেকে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

স্বজনদের ধারণা, রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটি বা ছিঁড়ে পড়ে থাকা বৈদ্যুতিক তার থেকে পানিতে বিদ্যুৎ ছড়িয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights