বেফাঁস মন্তব্য করে চার ম্যাচ নিষিদ্ধ মরিনিয়ো

ঠোঁট কাটা স্বভাবের জন্য অনেক আগে থেকেই নন্দিত-নিন্দিত জোসে মরিনিয়োকে। সে তিনি আবারও আলোচনায় একই কারণে। এবার কারণটা অবশ্য ছিল বেশ গুরুতর। ইস্তানবুল ডার্বিতে তার দল ফেনারবাচের চিরপ্রতিদ্বন্দ্বী গ্যালাতাসারায়কে নিয়ে করেছেন বেফাঁস এক মন্তব্য। যার কারণে নিষেধাজ্ঞায় পড়লেন তিনি।

মরিনিয়োকে চার ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে তুরস্কের ফুটবল ফেডারেশন। পাশাপাশি তাকে আর্থিক জরিমানাও করা হয়েছে।

তুরস্কের ফুটবল ফেডারেশন বৃহস্পতিবার জানায়, ১৬ লাখ ১৭ হাজার লিরা (প্রায় ৪৪ হাজার ডলার) জরিমানা গুণতে হবে মরিনিয়োকে।

সংবাদ বিজ্ঞপ্তিতে ফেডারেশন উল্লেখ করেছে, তুর্কি রেফারির প্রতি ‘অপমানজনক ও আক্রমণাত্মক’ মন্তব্যের জন্য এই শাস্তি দেওয়া হয়েছে। মরিনিয়োর মন্তব্য খেলাধুলার নৈতিকতা ভঙ্গ করেছে, সহিংসতা ও বিশৃঙ্খলা উসকে দিয়েছে এবং সমর্থকদের উত্তেজিত করে তুলতে পারে বলে মনে করে ফেডারেশন।

গত সোমবার তুরস্কের চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাবের লড়াই শেষ হয় ০-০ ড্রয়ে। দুই ক্লাবের অনুরোধে এই ম্যাচে বিদেশি রেফারি আনা হয়। ম্যাচটি পরিচালনা করেন স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচ।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে মরিনিয়ো বলেন, রেফারিদের কক্ষে গিয়ে তিনি তাদের সঙ্গে দেখা করে এসেছেন।

“ম্যাচ শেষে রেফারিদের ড্রেসিং রুমে গিয়েছিলাম আমি। চতুর্থ রেফারিও সেখানে ছিল, যিনি তুরস্কের রেফারি। মূল রেফারিকে (ভিনচিচ) আমি বলেছি, ‘এখানে আসার জন্য ধন্যবাদ। কারণ বড় একটি ম্যাচে আপনি এসেছেন এবং দায়িত্ব পালন করেছেন।’ এরপর চতুর্থ রেফারির দিকে ঘুরে বলেছি, ‘এই ম্যাচে আপনি রেফারি থাকলে বিপর্যয় হয়ে যেত।’ তাকে যখন এটা বলেছি, আমি আসলে (তুরস্কের) সবাইকেই বুঝিয়েছি, তাদের সহজাত প্রবণতা।”

ম্যাচের শুরুর দিকে ফেনারবাচের ১৯ বছর বয়সী ডিফেন্ডার ইউসুফ আকচিচেকের একটি চ্যালেঞ্জ নিয়ে বেশ উত্তেজনা ছড়িয়েছিল। গালাতাসারাইয়ের ডাগ আউটের ফুটবলাররা বেশ উত্তেজিত দেখা গিয়েছিল তখন। সেই ঘটনায় আকচিচেককে হলুদ কার্ড না দেখানোয় রেফারি ভিনচিচের প্রশংসা করেন মরিনিয়ো।

“এই ঘটনায় রেফারিকে ধন্যবাদ জানিয়েছি আমি। কারণ, এখানে যদি তুরস্কের কোনো রেফারি থাকত, প্রথম মিনিটেই ওদের এক ফুটবলার যেভাবে ডাইভ দিয়েছে, ওদের বেঞ্চের ফুটবলাররা বাচ্চা ছেলেটির (আকচিচেক) ওপর যেভাবে বানরের মতো লাফালাফি করছি… তুর্কি রেফারি থাকলে এসব দেখেই হলুদ কার্ড দিয়ে দিত এক মিনিটেই এবং পাঁচ মিনিট পর তার বদলি কাউকে নামাতে হতো আমাকে।”

মরিনিয়োর এসব মন্তব্যের পর সামাজিক মাধ্যমে কড়া প্রতিক্রিয়া জানায় গালাতাসারাই। ৬২ বছর বয়সী পর্তুগিজ এই কোচের বিরুদ্ধে ফৌজদারি কার্যক্রম শুরুর ঘোষণা দেয় ক্লাবটি। ফেনারবাচে অবশ্য কোচের পাশেই দাঁড়ায়। তারা বিবৃতিতে বলেছিল, মরিনিয়োর মন্তব্যকে ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছে এবং বিকৃত করা হয়েছে। তারাও পাল্টা ঘোষণায় জানায়, ভিত্তিহীন অভিযোগেরর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তুরস্কের রেফারিদের নিয়ে আপত্তিজনক মন্তব্যের দায়ে আগেও এক দফায় জরিমানা করার পাশাপাশি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল মরিনিয়োকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights