বেরোবিতে আড়াই বছর ধরে উপ-উপাচার্য পদ শূন্য, যোগ দেননি নতুন ট্রেজারার
নিজস্ব প্রতিবেদক, রংপুর
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রায় আড়াই বছর ধরে উপ-উপাচার্য পদ শূন্য রয়েছে। দীর্ঘদিন শূন্য থাকার পর ট্রেজারার পদে নতুন করে নিয়োগ দেওয়া হলেও নিয়োগের এক মাস পেরিয়ে গেলেও তিনি এখনো দায়িত্ব গ্রহণ করেননি। ফলে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ প্রশাসনিক কাঠামোর গুরুত্বপূর্ণ দুটি পদ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালের মার্চে সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনার চার বছরের মেয়াদ শেষ হওয়ার পর থেকে পদটিতে আর কাউকে নিয়োগ দেওয়া হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ ২০২০ সালের ১০ মার্চ এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলা বিভাগের অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনাকে চার বছরের জন্য বেরোবির প্রথম উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেয়। ২০২০ সালের মার্চ থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেন।
তার মেয়াদ শেষ হওয়ার পর থেকে প্রায় আড়াই বছর ধরে গুরুত্বপূর্ণ পদটি শূন্য রয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইন, ২০০৯-এর ১২(১) ধারায় বলা হয়েছে, আচার্য প্রয়োজনবোধে তাঁর নির্ধারিত শর্তে চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের কোনো অধ্যাপককে উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দিতে পারবেন।
এদিকে প্রায় দুই বছর ট্রেজারার পদ শূন্য থাকার পর গত ২৩ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এক প্রজ্ঞাপনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আবু হানিফ সরকারকে বেরোবির ট্রেজারার হিসেবে নিয়োগ দেয়। তবে নিয়োগের এক মাস পেরিয়ে গেলেও তিনি এখনো বিশ্ববিদ্যালয়ে যোগদান করেননি।
বেরোবির সর্বশেষ ট্রেজারার ছিলেন অধ্যাপক ড. মজিব উদ্দিন আহমদ। তিনি ২০২৪ সালের ১৭ আগস্ট রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়ে পদত্যাগ করেন।
যোগদানের বিষয়ে জানতে চাইলে নতুন ট্রেজারার অধ্যাপক ড. মো. আবু হানিফ সরকার বলেন, ‘এক মাস আগে যেমন ছিল, এখনো তেমনই আছে। এ বিষয়ে আমার কাছে নতুন কোনো তথ্য নেই।’
বেরোবির উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, ‘এ নিয়োগ আমার হাতে নয়। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় বলতে পারবে।’
