বেলিংহ্যামকে ধাক্কা দিয়ে আলোচনায় বার্কো, কে এই আর্জেন্টাইন তরুণ

অনলাইন ডেস্ক

আর্জেন্টিনার তরুণ তারকা ভ্যালেন্তিন এল কলো বার্কো চলতি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারানোর ম্যাচে শুধু পারফরম্যান্সের জন্যই নয়, ম্যাচ শেষে জুড বেলিংহ্যামের সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়িয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন।

আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ম্যাচ শেষ হওয়ার পর ক্যামেরায় ধরা পড়ে বারকো ও বেলিংহ্যামের উত্তপ্ত মুহূর্ত। কী কথা হয়েছিল তা স্পষ্ট না হলেও, বেলিংহ্যাম বারকোর মাথার পেছনে চড় মারেন বলে দেখা যায়।

বারকোও চুপ থাকেননি। তিনি সঙ্গে সঙ্গে বেলিংহ্যামকে ধাক্কা দেন। এরপর দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লেও নিকোলাস ও তামেন্দি ও অন্যরা দ্রুত পরিস্থিতি শান্ত করেন।

আর্জেন্টিনার বুয়েনস আইরেস প্রদেশের ছোট শহর ২৫ দে মায়োতে জন্ম বার্কোর। ছোটবেলায় ফুতসাল খেলেই ফুটবলের হাতেখড়ি।

২০১৩ সালে তিনি বোকা জুনিয়র্স একাডেমিতে যোগ দেন। প্রতিদিন ভোরে স্কুলে গিয়ে পরে প্রায় ৪০০ কিলোমিটার যাতায়াত করে অনুশীলনে অংশ নিতেন। ২০২০ সালে প্রথম পেশাদার চুক্তি স্বাক্ষর করেন এবং ২০২১ সালে মাত্র ১৬ বছর বয়সে কোচ মিগেল অ্যাঞ্জেল রুসোর অধীনে সিনিয়র দলে অভিষেক হয়।

বার্কো ক্যারিয়ার শুরু করেছিলেন একজন অ্যাটাকিং মিডফিল্ডার (নাম্বার ১০) হিসেবে। পরে মিডফিল্ড এবং শেষ পর্যন্ত আক্রমণাত্মক লেফট-ব্যাক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তবে তিনি বাম দিকের একাধিক পজিশনে খেলতে সক্ষম।

২০২৩ সালের কোপা লিবার্তাদোরেসে দারুণ পারফরম্যান্সের পর প্রিমিয়ার লিগের ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন তাকে দলে ভেড়ায়। তবে ব্রাইটনে নিয়মিত সুযোগ পাননি। এরপর সেভিয়ায় ধারে খেললেও প্রত্যাশা পূরণ করতে পারেননি।

পরবর্তীতে রেসিং স্ট্রাসবুর্গে যোগ দিয়ে আবারও নিজের সেরা ছন্দ ফিরে পান। সেখানে আরও সৃজনশীল মিডফিল্ড ভূমিকায় খেলতে শুরু করেন এবং দুর্দান্ত মৌসুম কাটান।

স্ট্রাসবুর্গে দুর্দান্ত পারফরম্যান্সের পর ইউরোপের বড় বড় ক্লাবের নজরে আসেন বারকো। ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার পর তিনি চেলসিতে যোগ দেবেন।

মাত্র ২১ বছর বয়সেই বার্কো এখন আর্জেন্টিনার নতুন প্রজন্মের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ। বিশ্বকাপে তার পারফরম্যান্স এবং বেলিংহ্যামের সঙ্গে আলোচিত ঘটনার পর তিনি ফুটবল বিশ্বের অন্যতম আলোচিত তরুণ তারকায় পরিণত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights