বেহাল দাগনভূঞার বাইপাস সড়ক, পানিবন্দি গর্তে চরম ভোগান্তি

ফেনী প্রতিনিধি

ফেনীর দাগনভূঞা পৌর শহরের চৌধুরীহাট রোড থেকে বসুরহাট রোড সংযোগকারী বাইপাস সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তে সবসময় পানি জমে থাকায় স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পায়ে হেঁটে চলাচলও হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ।

সরেজমিনে দেখা যায়, উপজেলার চৌধুরীহাট-বসুরহাট বাইপাস সড়ক, দক্ষিণ আলীপুর সড়কসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কের বিভিন্ন অংশ ভেঙে গেছে। অধিকাংশ স্থানে পিচ উঠে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। বর্ষার বৃষ্টিতে এসব গর্তে পানি জমে থাকায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। এতে প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

স্থানীয়দের অভিযোগ, বন্যার পর থেকে ক্ষতিগ্রস্ত সড়কগুলোর কোনো সংস্কার হয়নি। কবে মেরামতের কাজ শুরু হবে, সে বিষয়েও কোনো নিশ্চয়তা নেই। ভারী যানবাহনের চলাচলের কারণে সড়কের ক্ষয়ক্ষতি আরও বেড়েছে।

অটোরিকশাচালক ইলিয়াছ বলেন, সড়কে গর্ত আর পিচ উঠে যাওয়ায় গাড়ি চালানো খুবই ঝুঁকিপূর্ণ। গাড়ির যন্ত্রাংশ দ্রুত নষ্ট হচ্ছে। এ কারণে অনেক চালক এসব সড়কে যেতে চান না।

সিএনজিচালক আবু মিয়া বলেন, বন্যার পর দাগনভূঞার বিভিন্ন সড়কের অবস্থা আরও খারাপ হয়েছে। দ্রুত সংস্কার না হলে বর্ষাকালে এসব সড়ক পুরোপুরি চলাচলের অনুপযোগী হয়ে পড়বে।

স্থানীয় বাসিন্দারা জানান, সড়কের বেহাল অবস্থার কারণে প্রতিদিন দুর্ভোগ বাড়ছে। দ্রুত সংস্কারকাজ শুরু করে জনদুর্ভোগ লাঘবে সরকারের কার্যকর উদ্যোগ কামনা করেন তারা।

এ বিষয়ে দাগনভূঞা উপজেলা প্রকৌশলী মাসুম বিল্লাহ বলেন, চলাচলের অনুপযোগী সড়কগুলোর তালিকা তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া গেলে দ্রুত সংস্কারকাজ শুরু করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights