বৈভবকে নিয়ে বিস্ময়কর তথ্য দিলেন সাঙ্গাকারা

অনলাইন ডেস্ক

আইপিএলে রাজস্থানের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে ক্রিকেটবিশ্বে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন কিশোর প্রতিভা বৈভব সূর্যবংশী। আইপিএলে শতরান করার পর ইংল্যান্ড সফরে দেশের হয়েও দুর্দান্ত খেলছেন তিনি। এবার তাকে নিয়ে চমকপ্রদ তথ্য প্রকাশ্যে আনলেন রাজস্থান রয়্যালসের ক্রিকেট ডিরেক্টর কুমার সাঙ্গাকারা।

তিনি জানিয়েছেন, বৈভবের বয়স যখন মাত্র ১১, তখনই রাজস্থান রয়্যালস তাকে দলে নিতে চেয়েছিল। যদিও সেই সময় নানা কারণে বিষয়টি বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

এ বছর আইপিএলে যখন বৈভবের অভিষেক হয় তখন তার বয়স ১৩। সম্প্রতি ১৪ পূরণ করেছে সে। অথচ ২০২৩-এ, অর্থাৎ দু’বছর আগেই তার কথা জানতে পেরেছিল রাজস্থান। এমনকি, তাকে ট্রায়ালে ডাকার ভাবনাচিন্তাও করা হয়েছিল। কোনও একটি কারণে তা সম্ভব হয়নি। তবে বরাবরই রাজস্থানের নজরে ছিল বৈভব।

স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে সাঙ্গাকারা বলেন, “সূর্যবংশী যে বিস্ময় প্রতিভা সেটা ও ইতিমধ্যেই বুঝিয়ে দিয়েছে। ২০২৩-এ রাজস্থান রয়্যালসের একজন বিশেষজ্ঞ প্রথম বার ওর কথা আমায় বলেছিল। জানিয়েছিল, ওর প্রতি আমাদের লক্ষ রাখা উচিত। দরকারে ট্রায়ালে ডেকে পরে সই করানো উচিত। অথচ বৈভবকে প্রথম বার চোখের সামনে দেখলাম ওকে সই করানোর পর। গুয়াহাটির নেটে ওর ব্যাটিং অবশ্য আগেই দেখেছি। জফ্রা আর্চার এবং বাকি জোরে বোলারদের কী অনায়াসে খেলছিল ও।”

বৈভবের খেলার বেশ কিছু গুণ ভাল লেগেছে সঙ্গকারার। তার ব্যাখ্যা, “ব্যাটিংয়ের সময় মনে হয় ওর কাছে অনেক সময় রয়েছে। ওর শটের আওয়াজ শুনে মনে হয় বন্দুক থেকে গুলি বের হলো। ব্যাটের সুইংও দুর্দান্ত। স্ট্যাম্পের বাইরের বল খুব ভাল খেলে। শরীরের নড়াচড়াও খুব ভাল। সবচেয়ে বড় কথা, নিজের শট কী ভাবে উন্নত করা যায় তা নিয়ে সব সময় ভাবে।”

মাত্র ১৪ বছর বয়সেই এমন পরিণত পারফরম্যান্স, এমন মনোভাব—সব মিলিয়ে বৈভব সূর্যবংশীকে নিয়ে ভবিষ্যতের জন্য বড় আশা দেখছে রাজস্থান রয়্যালস। সূত্র: আনন্দবাজার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights