বোয়ালমারীতে আগুনে দোকান পুড়ে ছাই

বোয়ালমারী প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে বাড়ি বিক্রি করে ভাড়া বাসায় থেকে মুদি দোকান চালিয়ে সংসার চলছিল ইন্দ্রজিৎ সাহার। কিন্তু হঠাৎ রাতের আঁধারে আগুনে দোকান ও সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। সব হারিয়ে পরিবার-পরিজন নিয়ে এখন নিঃস্ব তিনি।

বৃহস্পতিবার রাতে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া বাজারে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয়দের ও ফায়ার সার্ভিসের চেষ্টায় আশপাশের প্রায় ১৫টি দোকান রক্ষা পায়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় ব্যবসায়ী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রাত সাড়ে ১১টার দিকে দোকান বন্ধ করে বাসায় যান ইন্দ্রজিৎ সাহা। রাত ১২টার দিকে তিনি খবর পান, তার দোকানে আগুন লেগেছে। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় মুদি ব্যবসায়ী পল্লব সাহা বলেন, ‘তার দোকানে অনেক মালামাল ছিল। তিনি খুচরা ও পাইকারি দুই ধরনের ব্যবসাই করতেন। কিছুদিন আগে বাড়ি বিক্রি করে দোকানে নতুন করে মালামাল তোলেন। আগুনে ইন্দ্রজিতের সহায়-সম্বল সব শেষ হয়ে গেছে।’ ভুক্তভোগী ইন্দ্রজিৎ সাহা বলেন, ‘আমি প্রায় ২০ বছর ধরে মুদি দোকান করে আসছি। কিছুদিন আগে বাড়ির সাত শতক জমি বিক্রি করে দোকানে মালামাল তুলে বড় পরিসরে ব্যবসা শুরু করি। অনেক মানুষের কাছ থেকেও ধার-দেনা করেছি। কিন্তু বৃহস্পতিবার (২৫ জুন) রাতে আগুনে আমার দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমি কীভাবে বাঁচব? আমার সহায়-সম্বল বলতে এই দোকানটিই ছিল। এখন পরিবার নিয়ে পথে বসা ছাড়া আর কোনো উপায় নেই।’

বোয়ালমারী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা রয়েল আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্ত শেষে জানানো সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights