ব্যাংকক বৈঠকে নজর

নিজস্ব প্রতিবেদক

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ষষ্ঠ বিমসটেক সম্মেলনের সাইডলাইনে আজ বৈঠকে বসবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর দুই দেশের সরকারপ্রধানের এই প্রথমবারের মতো সাক্ষাৎ হচ্ছে। যদিও বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ঢাকা ও নয়াদিল্লি। একাধিক কূটনৈতিক সূত্র জানিয়েছে, ব্যাংককে বিমসটেক (বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন) সম্মেলনের সাইডলাইনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হচ্ছে। বাংলাদেশের তরফে আগেই দ্বিপক্ষীয় বৈঠকের জন্য চিঠি দেওয়া হয়েছিল। এক্ষেত্রে ঢাকা ও দিল্লির মধ্যে কূটনৈতিক সম্পর্কের কোলাহলের মধ্যেই অনুষ্ঠিতব্য বৈঠক খুবই তাৎপর্যপূর্ণ। কূটনীতিকরা বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান। তাই সব দেশের প্রধানদের সঙ্গে পরবর্তী করণীয় নিয়ে আলোচনা দরকার। ইতোমধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের শিডিউল চেয়েছে বাংলাদেশ। ফলে এই বৈঠকটি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর দুই দেশের সম্পর্ক ঘিরে এক ধরনের টানাপোড়েন চলছে। গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ড. মুহাম্মদ ইউনূস ও নরেন্দ্র মোদি যোগ দিলেও তাদের দেখা হয়নি। মোদি দেশে চলে আসার পর ইউনূস নিউইয়র্কে পৌঁছেছিলেন। অধ্যাপক ইউনূস দায়িত্ব গ্রহণের আট মাস হলেও দুই নেতা মুখোমুখি হননি। তবে ডিসেম্বরে বাংলাদেশ সফর করেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। এ ছাড়া পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন একাধিকবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে সেখানে থেকে তিনি রাজনৈতিক বক্তব্য দেওয়ায় ঢাকার উদ্বেগ রয়েছে। অন্যদিকে বাংলাদেশে সংখ্যালঘু ইস্যুতে ভারত বিভিন্ন সময়ে উদ্বেগ প্রকাশ করেছে। উদ্ভূত পরিস্থিতিতে দ্বিপক্ষীয় সম্পর্কে আস্থার ঘাটতি দেখা দিয়েছে। ব্যাংককে ড. ইউনূস এবং নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক রাজনৈতিক পর্যায়ে অবিশ্বাস কমাবে বলে ধারণা কূটনৈতিক বিশ্লেষকদের।

ষষ্ঠ বিমসটেক সম্মেলনে অংশ নিতে ব্যাংককেই অবস্থান করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্যাংকক যাওয়ার আগে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, বিমসটেক গোষ্ঠী আঞ্চলিক বিকাশের গুরুত্বপূর্ণ মঞ্চ। আর্থিক কানেকটিভিটি এবং বঙ্গোপসাগর অঞ্চলের প্রগতির জন্য এটি তাৎপর্যপূর্ণ। বিশেষ করে এর ভৌগোলিক অবস্থান ভারতের উত্তর পূর্বাঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ। বিমসটেক রাষ্ট্রের নেতাদের সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় আছি। এখানে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসও যোগদান করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights