ব্রাজিল-নরওয়ে ম্যাচে কার জয়? ভবিষ্যদ্বাণী করল ‘জ্যোতিষী’ বিড়াল মিলু

অনলাইন ডেস্ক

বিশ্বকাপে একের পর এক ম্যাচের ফলের পূর্বাভাস মিলিয়ে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ‘জ্যোতিষী’ বিড়াল মিলু। বেশ কয়েকটি ম্যাচের ফল সঠিকভাবে অনুমান করে আলোচনায় এলেও শনিবার আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচে প্রথমবারের মতো ভুল ভবিষ্যদ্বাণী করেছে সে। তবু ব্রাজিলের সমর্থকদের আস্থা এখনও কমেনি মিলুর ওপর।

রবিবার (৫ জুলাই) বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই লড়াই। ম্যাচের আগে মিলুর নতুন ভবিষ্যদ্বাণীও প্রকাশ পেয়েছে। তার ‘পছন্দ’ বলছে, নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

চলতি বিশ্বকাপে ব্রাজিলের প্রতিটি ম্যাচের আগে মিলু যে পূর্বাভাস দিয়েছিল, সেগুলো বাস্তবের ফলাফলের সঙ্গে মিলে যাওয়ায় সমর্থকদের কাছে বিড়ালটি এখন এক ধরনের সৌভাগ্যের প্রতীকে পরিণত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ব্রাজিল সমর্থকই দাবি করছেন, আগের ম্যাচগুলোতে মিলুর পূর্বাভাস তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছিল। একজন সমর্থক লিখেছেন, জাপানের বিপক্ষে ব্রাজিল পিছিয়ে পড়লেও তিনি মিলুর ভবিষ্যদ্বাণীর ওপর ভরসা রেখেছিলেন এবং শেষ পর্যন্ত সেটিই সত্যি হয়েছিল। তাই নরওয়ের বিপক্ষেও একই ফলের আশা করছেন তিনি।

মিলুর ভবিষ্যদ্বাণীর পদ্ধতিটিও বেশ ব্যতিক্রমী। তার মালিক নাতান পিনহেইরো দুটি একই ধরনের খাবারের বাটি রাখেন। প্রতিটি বাটির পেছনে প্রতিদ্বন্দ্বী দুই দলের পতাকা লাগানো থাকে। এরপর মিলুকে ছেড়ে দেওয়া হলে সে যে বাটি থেকে আগে খাবার খেতে শুরু করে, সেই দলকেই সম্ভাব্য বিজয়ী হিসেবে ধরা হয়।

তবে এই পদ্ধতি নিয়ে বিতর্কও রয়েছে। সমালোচকদের কেউ কেউ অভিযোগ করেছেন, মিলুর মালিক ইচ্ছাকৃতভাবে তাকে নির্দিষ্ট বাটির দিকে পরিচালিত করেন। যদিও সেই অভিযোগ নাকচ করেছেন নাতান পিনহেইরো। তার দাবি, পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ এবং কোনো ধরনের কারসাজির সুযোগ নেই। ভিডিও প্রকাশ করেও তিনি দেখানোর চেষ্টা করেছেন যে মিলু সম্পূর্ণ স্বাভাবিকভাবেই নিজের পছন্দ অনুযায়ী একটি বাটি নির্বাচন করে।

শনিবার আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচে ভুল পূর্বাভাস দেওয়ার মাধ্যমে মিলুর টানা সাফল্যের ধারায় প্রথম ছেদ পড়েছে। এরপরও ব্রাজিল–নরওয়ে ম্যাচকে ঘিরে তাকে নিয়ে আগ্রহের কমতি নেই। এখন দেখার অপেক্ষা, এবারও মিলুর ভবিষ্যদ্বাণী বাস্তবে মিলে যায় কি না। যদি তাই হয়, তাহলে ব্রাজিলের সম্ভাব্য জয়ের পাশাপাশি আবারও আলোচনার কেন্দ্রে উঠে আসবে এই ‘জ্যোতিষী’ বিড়াল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights