ব্রাজিলের কোচ হতে চান মরিনহো?

অনলাইন ডেস্ক
কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হারের পর ব্রাজিল দলের দায়িত্ব ছেড়ে দেন ‘প্রফেসর’ খ্যাত কোচ তিতে। নতুন কোচ হিসেবে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তিকে নেইমারদের কোচ হওয়ার প্রস্তাব দিয়েছিল ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। তবে স্প্যানিশ ক্লাব রিয়ালের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত নতুন কোনো সিদ্ধান্ত নিতে চান না বলে জানিয়েছেন আনচেলত্তি। ফলে বাধ্য হয়ে হয়ে ফার্নান্দো দিনিজকে অন্তবর্তীকালীন কোচ বানায় ব্রাজিল।

এদিকে ‘গোলডটকম’ এক প্রতিবেদনে জানিয়েছে, ব্রাজিলের কোচ হতে চান পর্তুগিজ কিংবদন্তি কোচ জোসে মরিনহো। বর্তমান ক্লাব ইতালিয়ান ক্লাব রোমার সঙ্গে চুক্তির মেয়াদ শেষে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের দায়িত্ব নিতে নিজের ইচ্ছের কথা জানিয়েছেন ৬০ বছর বয়সী এই মাস্টারমাইন্ড।

সম্প্রতি ইতালিয়ান টেলিভিশন চ্যানেল টিজিওকে দেওয়া এক সাক্ষাৎকারে মরিনহো রিয়াল কোচ আনচেলত্তিকে তার বর্তমান ক্লাবের সঙ্গে মেয়াদ বাড়িয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি মনে করছেন, আনচেলত্তিই রিয়ালকে পরিচালনার যোগ্য প্রার্থী। আর যারা রিয়াল মাদ্রিদের মতো ক্লাব ছেড়ে দেবে তারা মানসিক ভারসাম্যহীন।
এদিকে কিছুদিন আগেই সৌদি প্রো লিগে বড় অঙ্কের টাকায় কোচ হওয়ার প্রস্তাব পেয়েছিলেন মরিনহো। তবে নিজের ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ থাকায় সে প্রস্তাব নাকচ করে দিয়েছেন এই কোচ। রোমার আগে বেনফিকা, পোর্তো, চেলসি, ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহামের মতো দলের দায়িত্ব সামলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights