ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পৌর এলাকার মারকাজ পাড়ায় ভ্রাম্যমাণ আদালত অবৈধ গ্যাস লাইনের সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা করেছেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুন এবং বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী শফিকুল হক।

অভিযানে ২০০ ফুট অবৈধ গ্যাসের পাইপ উচ্ছেদ, ১৩টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৫টি রেগুলেটর জব্দ ও এক হাজার ফুট একটি অবৈধ পাইপ লাইনের নেটওয়ার্ক সিমেন্ট গ্রাউটিং করে অকার্যকর করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, দীর্ঘদিন নতুন গ্যাস সংযোগ প্রদান বন্ধ থাকার সুযোগে অসাধু চক্র জেলা শহরসহ সদর ও সরাইল উপজেলার বিভিন্ন গ্রাম ও মহল্লায় অবৈধভাবে বাসাবাড়িতে গ্যাস সংযোগ দিয়ে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে। এর পরিপ্রেক্ষিতে নিয়মিত অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে অভিযান চালায় বাখরাবাদ কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পৌর এলাকার মারকাজ পাড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী শফিকুল হক জানান, অবৈধ গ্যাস লাইনের সংযোগ বিচ্ছিন্ন করার কিছুদিনের মধ্যে আবারও কিছু অসাধু চক্র নতুন করে অবৈধ সংযোগ দেয়। এর ফলে সম্পূর্ণভাবে অবৈধ সংযোগ বন্ধ করা যাচ্ছে না। অবৈধ সংযোগ বিচ্ছিন্নে বাখরাবাদের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights