ব্রাহ্মণবাড়িয়ায় দুই মাদকসেবীকে কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাদকসেবী দুই ভাইকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরিন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

কারাদণ্ড প্রাপ্তরা হলেন- উপজেলার ধরমন্ডল গ্রামের মৃত আজদু মিয়ার ছেলে দুলাল মিয়া (৪৫) ও মতি মিয়া (২৬)। দন্ডপ্রাপ্ত দুই ভাইকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

অভিযান সূত্রে জানা গেছে, ভুক্তভোগী পারভীন আক্তারের পাঁচ ছেলের মধ্যে এই দুজন কয়েক বছর আগে মাদকাসক্ত হয়ে পড়েন। মাদকের টাকার জন্য তারা প্রায়ই অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে পড়তেন। মা তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করেও ব্যর্থ হন। সম্প্রতি মাদকের টাকার জন্য দুই ভাই আরও বেপরোয়া হয়ে ওঠেন এবং মাকে নানাভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করতে শুরু করেন। মাদকের টাকার জন্য তারা ঘরের জিনিসপত্র বিক্রি করে দিতেন। রবিবার সকালে মায়ের কাছে মাদকের জন্য টাকা দাবি করেন দুই ভাই। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা ঘরের আসবাব ভাঙচুর করেন এবং মাকে হত্যার হুমকি দেন। বাড়িতে বসেই তারা মাদক সেবন শুরু করেন। নিরুপায় হয়ে প্রতিবেশীদের সহায়তায় পুলিশকে খবর দেন মা। পুলিশ তাদেরকে হাতেনাতে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদেরকে সাজা দেন।

এদিকে এর আগে গত ৩১ জুলাই একই উপজেলার আতিকুড়া গ্রামের মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বরজু মিয়া নামে এক ব্যক্তি তার ছেলে মো. নজরুলকে পুলিশের হাতে তুলে দেন। ভ্রাম্যমাণ আদালত নজরুলকে আট মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights