ব্রিতে জাতীয় শোক দিবস পালিত

গাজীপুর প্রতিনিধি

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মঙ্গলবার বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাতবার্ষিকী পালন করেছে। দিবসটি উপলক্ষে সকালে ব্রি সদর দপ্তর, গাজীপুরে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি ব্রির মহাপরিচালক ড. মো: শাহজাহান কবীর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে ব্রিতে ক্রিয়াশীল বিভিন্ন সংগঠন, বিআরআরআই উচ্চ বিদ্যালয়, ব্রি প্রগতি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর সংক্ষিপ্ত আলোচনা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে মহাপরিচালক মহোদয়ের অফিস প্রাঙ্গনে বঙ্গবন্ধুর উপর আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। পরে একটি শোক র‌্যালি ব্রির সদর দপ্তরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর বিআরআরআই উচ্চ বিদ্যালয় ও ব্রি প্রগতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক বক্তৃতা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

এসব কর্মসূচিতে ব্রির পরিচালক (গবেষণা) ড. মোহাম্মদ খালেকুজ্জামান, পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো: আব্দুল লতিফসহ বিভাগীয় ও শাখা প্রধানগণ, ব্রিতে ক্রিয়াশীল বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ, বি আর আর আই উচ্চ বিদ্যালয়, ব্রি প্রগতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং সর্বস্তরের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকগণ উপস্থিত ছিলেন।
শোক দিবস উপলক্ষে ব্রি জামে মসজিদে দিনব্যাপী কোরআনখানী এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights