ভয়াবহ সংকটের পর শ্রীলঙ্কায় ৬৫ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যহ্রাস
অনলাইন ডেস্ক
ভয়াবহ অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার পথে শ্রীলঙ্কা। চলতি বছরের জানুয়ারিতে দেশটির ভোক্তা মূল্যসূচক ৪ শতাংশ কমেছে, যা ১৯৬০ সালের পর সবচেয়ে বড় মূল্যহ্রাস।
২০২২ সালের সেপ্টেম্বরে দেশটি চরম অর্থনৈতিক সংকটে পড়ে। তখন মুদ্রাস্ফীতি রেকর্ড ৬৯.৮ শতাংশে পৌঁছায় এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের তীব্র সংকট দেখা দেয়। তবে সাম্প্রতিক মূল্যহ্রাসের পেছনে বিদ্যুৎ ও জ্বালানি খরচ কমার বিষয়টি বড় ভূমিকা রেখেছে।
বর্তমানে শ্রীলঙ্কা আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে প্রায় ৩ বিলিয়ন ডলারের ঋণ নিয়ে অর্থনৈতিক পুনরুদ্ধারের চেষ্টা করছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালে বার্ষিক মুদ্রাস্ফীতি ৫ শতাংশে নেমে আসতে পারে।
প্রেসিডেন্ট অনুঢ়া কুমার দিশানায়েকে আইএমএফের পুনরুদ্ধার কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এই কর্মসূচির আওতায় উচ্চ করহার, রাষ্ট্রীয় ব্যয়ের কাটছাঁটসহ বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ বাস্তবায়ন করা হবে।
সূত্র: এএফপি
