ভরসার সম্পর্ক হয়ে উঠছে ভয়ংকর

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

যে সম্পর্ক হওয়ার কথা ছিল ভরসার, বিপৎসংকুল পরিস্থিতিতেও যেখানে মেলার কথা আশ্রয়, সেই ভরসা আর আশ্রয়ের সম্পর্ক হয়ে উঠেছে ভয়ংকর। কোথাও যেন নিরাপদ নয় সম্পর্কের বাঁধন। জন্মদাতা কিংবা পিতৃতুল্য সম্পর্কিত স্বজনের হাতে ধর্ষিত হচ্ছে কন্যাসন্তান। জন্মদাত্রী হয়ে উঠেছেন ঘাতক। তুচ্ছ ঘটনায় প্রিয়তমা স্ত্রীর ঘাতক হয়ে উঠছেন স্বামী। একসময় ধর্মপ্রাণ ও রক্ষণশীল সমাজব্যবস্থার ওপর গড়ে ওঠা সিলেটে এরকম ঘটনা ঘটত কালেভদ্রে। কিন্তু হঠাৎ করে যেন ভেঙে গেছে সব বন্ধন। মে মাসে সিলেট বিভাগে আপনজনদের হাতে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছে অন্তত ১০টি। বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক, সাংস্কৃতিক, নৈতিক ও মানবিক মূল্যবোধের অবক্ষয়ের কারণেই এরকম ঘটনা ঘটছে। সিলেটে চলতি মাসে যেসব অমানবিক ও বর্বরোচিত ঘটনা ঘটেছে তার মধ্যে একটি ঘটে গত ২২ মে। ওই দিন সিলেট সদর উপজেলার পুরান কালারুকা গ্রামের আমির আলীর স্ত্রী সুবিনা বেগম নিজের ২০ মাসের কন্যাসন্তানকে গলা কেটে হত্যা করেন। ওইদিন ফজরের নামাজে ছিলেন আমির আলী। নামাজ থেকে ফিরে দেখেন ঘরে মেয়ে মাইমুনা জান্নাত তোহার রক্তাক্ত মরদেহ পড়ে আছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত মা সুবিনাকে গ্রেপ্তার করেছে। কিন্তু এখনো এ হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কোনো কারণ উদ্ঘাটন হয়নি।

ওইদিন বিকালে পার্শ্ববর্তী ঘোপাল এলাকায় ঘটে আরও একটি মর্মান্তিক ঘটনা। এক কিশোরীকে বাড়ি থেকে ডেকে মাদকের এক আস্তানায় নিয়ে ধর্ষণ করা হয়। আলী হোসেন নামের প্রতিবেশী এক চাচা তাকে ডেকে নিয়ে সালমান শাহ নামের এক যুবকের হাতে তুলে দেন। খবর পেয়ে স্থানীয় লোকজন মাদকের আস্তানাটি ঘেরাও করে আলী হোসেন ও সালমান শাহকে আটক করে পুলিশে দেন। ওপরের দুটি ঘটনায় থানায় মামলা হয়েছে এবং মামলার সব আসামি গ্রেপ্তার হয়েছে বলে জানিয়েছেন জালালাবাদ থানার ওসি শামসুল হাবিব।

সিলেটের জৈন্তাপুরে ঘটেছে বর্বরোচিত আরও একটি ঘটনা। বাবার কাছে ধর্ষণের শিকার হয়েছে ১১ বছরের এক শিশু। শিশুটির মায়ের করা মামলায় আকবর হোসেন নামের ওই নরপশুকে গ্রেপ্তার করেছে পুলিশ। মায়ের অভিযোগ, গত ফেব্রুয়ারি থেকে ভয় দেখিয়ে শিশুটিকে একাধিকবার ধর্ষণ করেছে আকবর। সর্বশেষ ১৯ মে ভোররাতে ফের ধর্ষণের সময় শিশুটির গোঙানির শব্দে মা টের পেয়ে যান। পরে পুলিশ তাকে আটক করে।

গত ৬ মে বিকালে সিগারেট আনার কথা বলে সিলেট সদর উপজেলার সোনাতলার প্রতিবেশী চাচা জাকির হোসেন দোকানে পাঠায় ফাহিমা নামের চার বছরের এক শিশুকে। সিগারেট নিয়ে আসার পর তাকে ঘরে আটকে ধর্ষণের চেষ্টা করে। একপর্যায়ে ফাহিমা জ্ঞান হারালে তাকে শ্বাসরোধ করে খুন করে জাকির। এরপর লাশ গুমের চেষ্টা করে সে। ৮ মে তার লাশ উদ্ধার করা হয়। ১১ মে পুলিশ জাকিরকে গ্রেপ্তার করলে শিশু ফাহিমাকে ধর্ষণচেষ্টা ও খুনের কথা স্বীকার করে জাকির।

গত শনিবার সন্ধ্যায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার জাঙ্গালহাটা গ্রামে পারিবারিক কলহের জেরে স্বামীর শাবলের আঘাতে প্রাণ হারান ফাহমিদা আক্তার মোহনা নামের এক গৃহবধূ। এ ঘটনার পর থেকে স্বামী জাহিদুল ইসলাম ছদরুল আত্মগোপনে রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন গোলাপগঞ্জ থানার ওসি মো. আরিফুল ইসলাম।

গত ১৫ মে সিলেটের বিয়ানীবাজারের লাউতা ইউনিয়নের দক্ষিণ পাড়িয়াবহর গ্রামে ফুটবল খেলা কেন্দ্র করে ফুফাতো ভাই তামিম আহমদের ছুরিকাঘাতে মামাতো ভাই সিয়াম আহমদ নিহত হন। সিলেটে হঠাৎ করে এ অবক্ষয়ের কারণ হিসেবে মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সমাজ-পরিবেশ গবেষক অধ্যাপক ড. মো. জহিরুল হক শাকিল বলেন, সাম্প্রতিক সময়ে নারী ও শিশুর প্রতি সংঘটিত কিছু সহিংসতার ঘটনা অন্ধকার যুগকেও হার মানিয়েছে। এ ধরনের ঘটনা কোনো বিচ্ছিন্ন বা সরল রৈখিকভাবে দেখার সুযোগ নেই। এর জন্য একক কোনো কারণও দায়ী নয়। মূলত সামাজিক, পারিবারিক, মানসিক, সাংস্কৃতিক, আইনি দুর্বলতা ও বিচারহীনতার সংস্কৃতির সম্মিলিত সংকটের কারণে এ অবক্ষয় ঘটছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights