ভাই হত্যায় ছোট বোনের মামলা

নিজস্ব প্রতিবেদক

ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমানের বিরুদ্ধে আপন ভাইকে হত্যার অভিযোগে মামলা হয়েছে। মামলাটি করেছেন তারই ছোট বোন শাযরেহ হক। গতকাল গুলশান থানায় দায়ের করা এ মামলায় সিমিন রহমানের ছেলে যারাইফ আয়াত হোসেনকেও আসামি করা হয়েছে। ডিএমপি গুলশান বিভাগের উপকমিশনার রিফাত রহমান শামীম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, সিমিন রহমান এবং তার ছেলে ছাড়াও আরও নয়জনকে আসামি করা হয়েছে। তারা হলেন- এসকেএফ ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপক ডা. মুরাদ এবং পরিচালক (বিপণন ও বিক্রয়) ডা. মো. মুজাহিদুল ইসলাম, ট্রান্সকম গ্রুপের পরিচালক (অর্থ) কামরুল হাসান, আইন কর্মকর্তা মো. ফখরুজ্জামান ভূঁইয়া, ব্যবস্থাপক (করপোরেট অ্যাফেয়ার্স) কে এইচ মো. শাহাদত হোসেন, কর্মকর্তা জাহিদ হোসেন ও সেলিনা সুলতানা এবং গ্রুপের কর্মচারী রফিক ও মিরাজুল।

উল্লেখ্য, আরশাদ ওয়ালিউর রহমান গত বছরের ১৬ জুন রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা যান। তিনি ট্রান্সকম গ্রুপের পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন। আরশাদ ওয়ালিউর ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান লতিফুর রহমানের বড় ছেলে। তার বয়স হয়েছিল ৫৮ বছর। শাযরেহ হক মামলার অভিযোগে বলেছেন, তাদের বড় বোন সিমিন রহমানসহ অন্য অভিযুক্তরা তার বড় ভাই আরশাদ ওয়ালিউর রহমানকে বিষ প্রয়োগ ও শ্বাসরোধে হত্যা করেছেন।

এর আগে কোম্পানির সম্পত্তি ও শেয়ার-সংক্রান্ত বিরোধের জেরে বড় বোন সিমিন ও গ্রুপের বর্তমান চেয়ারম্যান মা শাহনাজ রহমানের বিরুদ্ধে মামলা করেন শাযরেহ। ওই মামলায় বিশ্বাসভঙ্গ, জালিয়াতি ও দলিল জালের মাধ্যমে শাযরেহ ও তার প্রয়াত ভাই আরশাদ ওয়ালিউর রহমানকে ১০ হাজার কোটি টাকা মূল্যের পারিবারিক সম্পত্তির ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ করা হয়। এ মামলার পরিপ্রেক্ষিতে আসামি ট্রান্সকম গ্রুপের পাঁচ কর্মকর্তাকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেফতাররা হলেন- প্রতিষ্ঠানের আইন উপদেষ্টা ফখরুজ্জামান ভূঁইয়া, পরিচালক (করপোরেট ফাইন্যান্স) কামরুল হাসান, পরিচালক (করপোরেট ফাইন্যান্স) আবদুল্লাহ আল মামুন, ম্যানেজার আবু ইউসুফ মো. সিদ্দিক এবং সহকোম্পানি সেক্রেটারি মোহাম্মদ মোসাদ্দেক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights