ভাইয়ের হাতে বোন খুন

যশোর শহরের বেজপাড়া এলাকায় ফারহানা পারভীন (২৯) নামের এক তরুণীকে মাথায় আঘাত ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের আপন ভাই ফয়েজ রাজ্জাক ফারদিন ও (২৩) তার মা আইরিন পারভীনকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশে কাছে ফয়েজ রাজ্জাক ফারদিন বোনকে হত্যার দায় স্বীকার করেছেন।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, নিহত ফারহানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। এক পর্যায়ে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলায় মা ও ভাইয়ের সাথে যশোর শহরের বেজপাড়া রাসেল চত্বর এলাকার একটি ভাড়া বাড়িতে থাকতেন। পারিবারিক কলহের জের ধরে গত ২৫ এপ্রিল রাত ১১টার দিকে ফারহানা পারভীন উর্মিকে তার ভাই মাথায় আঘাত ও শ্বাসরোধ করে হত্যা করেন। কিন্তু বিষয়টিকে আত্মহত্যা বলে চালিয়ে ফারদিন ও তার মা মরদেহ গ্রামের বাড়ি মাগুরার শালিখায় নিয়ে দাফনের চেষ্টা করেন। সেখানে মরদেহের গোসল দেওয়ার সময় মাথায় আঘাতের চিহ্ন দেখতে পাওয়ায় যায়। বিষয়টি ফারহানার চাচা রবিউল ইসলাম শালিখা থানা পুলিশকে অবহিত করেন। সেখান থেকে যশোর কোতোয়ালি থানা পুলিশ বিষয়টি জেনে ফারহানার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। একইসাথে জিজ্ঞাসাবাদের জন্য ফারহানার ভাই ফারদিন ও মা আইরন বেগমকে হেফাজতে নেয়। এক পর্যায়ে ফারহানাকে হত্যার দায় স্বীকার করায় এবং ফারহানার চাচা রবিউল ইসলাম এ ব্যাপারে মামলা করায় তাদের দুইজনকে গ্রেফতার দেখানো হয়।

নিহত ফারহানা মাগুরার শালিখা উপজেলার শ্রীহট্ট গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের মেয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights