ভারত-পাকিস্তান সংঘর্ষে উত্তেজনা প্রশমনে সহায়তায় যুক্তরাজ্য প্রস্তুত

পারমাণবিক শক্তিধর প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমনে সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য।

দেশ দু’টি দুই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সহিংসতায় জড়ানোর পর বিবিসি রেডিও’কে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাজ্যের বাণিজ্যমন্ত্রী জোনাথন রেনল্ডস এমন মন্তব্য করেন।

যুক্তরাজ্যের বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমাদের বার্তা হলো-আমরা উভয় দেশের বন্ধু ও অংশীদার। আমরা উভয় পক্ষকে সহায়তা দিতে প্রস্তুত। উভয় দেশেরই আঞ্চলিক স্থিতিশীলতা, সংলাপ ও উত্তেজনা প্রশমনে গভীর স্বার্থ জড়িত। আর আমরা সেই লক্ষ্যে যা কিছু করা সম্ভব, তা করতে প্রস্তুত রয়েছি।’

এদিকে, যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর তাদের নাগরিকদের ভারত-পাকিস্তান সীমান্তের আট কিলোমিটারের (পাঁচ মাইল) ভেতরে ভ্রমণ এবং বাস্তবিকভাবে কাশ্মীর সীমান্ত হিসেবে পরিচিত লাইন অব কন্ট্রোলের ১৬ কিলোমিটারের ভেতরে ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। সেই সঙ্গে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে যেকোনো ধরনের ভ্রমণ পুরোপুরি নিরুৎসাহিত করা হয়েছে।

পররাষ্ট্র দপ্তর জানায়, ‘আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। ব্রিটিশ নাগরিকদের আমাদের ভ্রমণসংক্রান্ত পরামর্শ নিয়মিত অনুসরণ করতে এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে বলা হচ্ছে।’

প্রসঙ্গত, মঙ্গলবার রাতে পাকিস্তানের ৯টি জায়গায় ‘অপারেশন সিঁদুর’ অভিযান নামে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। হামলায় পাকিস্তানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে। ভারতের হামলার জবাবে দেশটির পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। এছাড়া কয়েকজন ভারতীয় সেনাকে যুদ্ধবন্দি হিসেবে আটকের দাবিও করেছেন তিনি।

এদিকে, ভারতীয় সেনাবাহিনী বলছে, পাকিস্তানি বাহিনীর গোলাবর্ষণে তিনজন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।

সূত্র : এএফপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights