ভারত মহাসাগরে মার্কিন অভিযান, ইরানি তেলবাহী জাহাজ জব্দ

আন্তর্জাতিক ডেস্ক
ভারত মহাসাগরে এক রুদ্ধশ্বাস অভিযানে ‘এম/টি টিফানি’ নামক একটি রাষ্ট্রহীন নিষিদ্ধ জাহাজ জব্দ করেছে মার্কিন প্রতিরক্ষা দফতর। আজ মঙ্গলবার পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়েছে, গত রাতে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে এই বিশেষ অভিযান চালানো হয়।

মূলত ইরানের তেল পরিবহনের দায়ে জাহাজটির ওপর আগেই নিষেধাজ্ঞা আরোপ করেছিল মার্কিন ট্রেজারি বিভাগের বিদেশি সম্পদ নিয়ন্ত্রণ দফতর বা ওএফএসি।

সামুদ্রিক ট্রাফিক পর্যবেক্ষকারী সংস্থা মেরিন ট্রাফিক সূত্রে জানা গেছে, ভারত মহাসাগরের জলসীমায় এই আটকের ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা দফতর কড়া হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, ইরানের প্রতি বৈষয়িক সমর্থন জোগানো যেকোনো অবৈধ নেটওয়ার্ক ও নিষিদ্ধ জাহাজ শনাক্তে তারা বিশ্বব্যাপী সামুদ্রিক অভিযান অব্যাহত রাখবে। যেখানেই এমন তৎপরতা দেখা যাবে, সেখানেই মার্কিন বাহিনী হস্তক্ষেপ করবে।

এই অভিযানের একটি ভিডিও চিত্রও প্রকাশ করেছে মার্কিন সামরিক কর্তৃপক্ষ, যেখানে সেনাদের জাহাজটিতে আরোহন করতে দেখা যায়।

উল্লেখ্য, ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধের ফলে সৃষ্ট উত্তেজনার মধ্যেই এই পদক্ষেপ নেওয়া হলো। এর মাত্র দুদিন আগে গত রবিবার ওমান উপসাগরে একটি ইরানি পতাকাবাহী জাহাজ লক্ষ্য করে গুলি ছোড়ে এবং সেটি জব্দ করে মার্কিন নৌবাহিনী। একের পর এক এসব ঘটনা মধ্যপ্রাচ্য ও ভারত মহাসাগরীয় অঞ্চলে ভূ-রাজনৈতিক উত্তেজনা নতুন করে বাড়িয়ে দিয়েছে।

ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর করতে ওয়াশিংটন বর্তমানে ‘অপারেশন ইকোনমিক ফিউরি’ পরিচালনা করছে। গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইরানবিরোধী সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’র আদলেই এই অর্থনৈতিক ও সামুদ্রিক অবরোধ কর্মসূচি সাজানো হয়েছে। ওমান উপসাগর বা পারস্য উপসাগরের বাইরে ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও মার্কিন বাহিনীর এই তৎপরতা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে নতুন মাত্রায় নিয়ে গেছে।

সূত্র: সিএনএন, জেরুজালেম পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights