ভারত সফরে কিউই দলে চার নতুন মুখ

অনলাইন ডেস্ক
চোটের কারণে প্রায় নতুন এক দল নিয়ে ভারত সফরে যাচ্ছে নিউ জিল্যান্ড। তিন ম্যাচের ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে কিউইরা। এই সফরে প্রথমবারের মতো নিউ জিল্যান্ডের সাদা বলের ক্রিকেটে ডাক পেয়েছেন চার ক্রিকেটার।

আগামী ১১ জানুয়ারি থেকে ওয়ানডে দিয়ে ভারত সফর শুরু হবে নিউ জিল্যান্ডের। তিন ম্যাচের ওয়ানডের পর ২১ জানুয়ারি থেকে টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে প্রথমবার সুযোগ পেয়েছেন পেসার জেডেন লেনক্স, পেস বোলিং-অলরাউন্ডার ক্রিস্টিয়ান ক্লার্ক, লেগস্পিন অলরাউন্ডার আদিত্য অশোক ও ফাস্ট বোলার মাইকেল রে।

ওয়ানডে স্কোয়াডের ১৫ জন খেলোয়াড়ের নেতৃত্ব দেবেন মাইকেল ব্রেসওয়েল। চোটে থাকা মিচেল স্যান্টনার-এর অনুপস্থিতিতে নেতৃত্বের দায়িত্ব পালন করবেন তিনি। তবে ওয়ানডে সিরিজে না থাকলেও টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিবেন স্যান্টনার।

টি-টোয়েন্টিতে চোট সেরে দলে ফিরেছেন বেভন জ্যাকবস, টিম রবার্টসন, মার্ক চ্যাপম্যান ও ম্যাট হেনরি। হেনরি ওয়ানডে সিরিজ খেলবেন না। দক্ষিণ আফ্রিকার ফ্রাঞ্চাইজি লিগ এসএ-টোয়েন্টি তে ব্যস্ততার কারণে নিউ জিল্যান্ডের ওয়ানডে স্কোয়াডে নেই কেইন উইলিয়ামসন। এই প্রতিযোগিতায় ডারবানের সুপারজায়ান্টস-এর হয়ে খেলবেন এই ব্যাটার।

ক্রিস্টিয়ান ক্লার্ককে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে এবং পরে টেস্ট স্কোয়াডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও রাখা হয়েছিল। তবে স্কোয়াডে থাকলেও অভিষেক হয়নি ২৪ বছর বয়সী অলরাউন্ডারের। এছাড়া নাথান স্মিথ, উইলিয়াম ও’রর্ক এবং ব্লেয়ার টিকনার-কে যথাক্রমে পিঠ, কাঁধ ও পিঠের চোটের কারণে বিবেচনা রাখা হয়নি। ওয়ানডে স্কোয়াডে নেই তৃতীয় সন্তানের জন্ম উপলক্ষে ছুটি নেওয়া টম ল্যাথাম। রাচিন রাবিন্দ্রা এবং ফাস্ট বোলার জ্যাকব ডাফিকে এই ওয়ানডে সিরিজ থেকে বিশ্রামে রাখা হয়েছে।

নিউ জিল্যান্ডের ওয়ানডে স্কোয়াড:

মাইকেল ব্রেসওয়েল (অধিনায়ক), আদিত্য অশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেভন কনওয়ে, জ্যাক ফাউল্কস, মিচ হে (উইকেটকিপার), কাইল জেমিসন, নিক কেলি, জেডেন লেনক্স, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, মাইকেল রে, উইল ইয়ং।

টি-টোয়েন্টি স্কোয়াড:

মিচেল স্যান্টনার (অধিনায়ক),মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে (উইকেটকিপার), জেকব ডাফি, জ্যাক ফকস, ম্যাট হেনরি, কাইল জেমিসন, বেভন জ্যাকবস, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রাবিন্দ্র, টিম রবার্টসন, ইশ সোধি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights