ভারতে আসার আগে মোদিকে প্রশংসায় ভাসালেন পুতিন

অনলাইন ডেস্ক

দু’দিনের সফরে বৃহস্পতিবার ভারতে সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশংসায় ভাসালেন রুশ প্রেসিডেন্ট।

এক সাক্ষাৎকারে পুতিন জানান, প্রধানমন্ত্রী মোদি চাপের কাছে নতিস্বীকার করেন না। মার্কিন শুল্ক নিয়ে প্রশ্ন করা হয়েছিল রুশ প্রেসিডেন্টকে। সেই প্রশ্নের প্রেক্ষিতে পুতিন বলেন, “চাপের সামনে নতিস্বীকার করার পাত্র নন প্রধানমন্ত্রী মোদি।”

ভারতের প্রধানমন্ত্রীকে ‘বন্ধু’ অভিহিত করে পুতিন জানান- তিনি ভারত সফরের জন্য মুখিয়ে রয়েছেন। এই সফরে ভারত ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সমঝোতা নিয়ে বহু আলোচনা হবে বলেও জানান তিনি।

পুতিন বলেন, “মহাকাশ গবেষণা, পরমাণুশক্তি, জাহাজ নির্মাণ, বিমান নির্মাণ-সহ একাধিক ক্ষেত্রে ভবিষ্যতের স্বার্থে ভারত এবং রাশিয়া একসঙ্গে কাজ করছে।”

তিনি আরও জানান, ভারত এবং রাশিয়া কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার নিয়েও আলোচনা করবে।

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বের প্রশংসা করে পুতিন বলেন, “ভারত দারুণ দেশ। সে দেশের অর্থনীতি ৭.৭ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। এটা প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বের একটি সাফল্য। সব সময় কিছু সমালোচক থাকেন, যারা বলেন- আরও ভাল হতে পারত। কিন্তু ফলাফলই তাদের সবটা বলে দেয়।”

গত সেপ্টেম্বরে চীনে এসসিও সম্মেলনে মোদিকে নিজের গাড়িতে বসিয়েছিলেন পুতিন। এই প্রসঙ্গে রুশ প্রেসিডেন্ট বলেন, “প্রধানমন্ত্রী মোদির সঙ্গে গাড়িতে ঘোরার পরিকল্পনা আমারই ছিল। এটা আমাদের বন্ধুত্বের স্মারক।”

পুতিন জানান, ওই গাড়ি-সফরেই তারা এসসিও সম্মেলনের কর্মসূচি নিয়ে আলোচনা সেরে নেন। রুশ প্রেসিডেন্টের কথায়, “এটা (একসঙ্গে গাড়িতে ওঠা) পূর্বপরিকল্পিত ছিল না। আমরা বাইরে বেরিয়েছিলাম। সেখানে আমার গাড়িটা ছিল। আমিই প্রস্তাব দিলাম যে, চলুন আমরা একসঙ্গে গাড়িতে উঠি। এটা কোনও আড়ম্বরপূর্ণ আয়োজন ছিল না, আমরা কেবল বন্ধু হিসেবেই গাড়িতে উঠেছিলাম।”

মোদির আমন্ত্রণে ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারত সফরে আসছেন পুতিন। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লিতে অবতরণ করবেন তিনি। সেজন্য আগেভাগেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। রুশ প্রেসিডেন্টের ভারত সফরের আগে পাঁচ স্তরের নিরাপত্তাবলয় প্রস্তুত করা হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রের খবর, রাশিয়া থেকে পঞ্চাশ জনের মতো শীর্ষ নিরাপত্তাকর্মী আগেই দিল্লি পৌঁছে গিয়েছেন। পুতিনের কনভয় যেসব পথ ধরে যাওয়ার কথা, সেগুলোতে দিল্লি পুলিশ এবং এনএসজি’র কর্তাদের সঙ্গে এরই মধ্যে একবার টহল দিয়ে ফেলেছেন তারা। সূত্র: ইন্ডিয়া টুডে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights