ভারতে গ্লোবাল টেক সেন্টার বানাচ্ছে স্টারবাকস

অনলাইন ডেস্ক

মার্কিন বহুজাতিক ক্যাফে চেইন স্টারবাকস ভারতে তাদের গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার (জিসিসি) করার পরিকল্পনা হাতে নিয়েছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি দক্ষিণ ভারতের রাজ্য তামিলনাড়ুর প্রশাসনিক কেন্দ্র চেন্নাইকে বেছে নিয়েছে।

নতুন এই প্রযুক্তি কেন্দ্রে প্রায় ৮০০ জন পেশাদার প্রযুক্তিবিদকে নিয়োগ দেওয়া হবে বলে সোমবার রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এই প্রকল্পে আর্থিক বিনিয়োগের পরিমাণ কতো, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।

বর্তমানে টাটা কনজিউমার প্রোডাক্টসের সাথে যৌথ উদ্যোগে ভারতে প্রায় ৫০০টি ক্যাফে পরিচালনা করছে স্টারবাকস। এ বিষয়ে দাপ্তরিক সময়ের বাইরে যোগাযোগের চেষ্টা করা হলেও কফি প্রস্তুতকারী এই প্রতিষ্ঠানটির কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সম্প্রতি মার্কিন ফার্মেসি চেইন ওয়ালগ্রিনসও তামিলনাড়ুতে নিজেদের জিসিসি স্থাপনের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। রাজ্যটির রাজধানী চেন্নাই ইতিমধ্যেই সিটি, বার্কলেস এবং আমেরিকান এক্সপ্রেসের মতো বৈশ্বিক বাণিজ্য গোষ্ঠীগুলোর প্রযুক্তি কেন্দ্রের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিতি পেয়েছে। তামিলনাড়ু সরকারের দেওয়া তথ্যানুযায়ী, ভারতে অবস্থিত মোট জিসিসি অবকাঠামোর প্রায় এক-দশমাংশেরই অবস্থান এই চেন্নাই শহরে।

একটি বিজ্ঞপ্তিতে স্টারবাকসের প্রধান প্রযুক্তি কর্মকর্তা আনন্দ বরদরাজন জানিয়েছেন, দক্ষ কর্মীবাহিনীর বিপুল উপস্থিতি, কর্মীদের চাকরি ছাড়ার নিম্ন হার এবং উন্নত ভৌত অবকাঠামো এই কফি চেইনটির প্রযুক্তিগত অগ্রযাত্রায় বড় ধরনের সহায়ক ভূমিকা রাখবে।

প্রযুক্তি ও গবেষণাবিষয়ক সংস্থা নাসকম ও জিনভের ২০২৬ সালের একটি সাম্প্রতিক প্রতিবেদনের চিত্র অনুযায়ী, ভারত বর্তমানে বিশ্বজুড়ে জিসিসি হাব হিসেবে আত্মপ্রকাশ করেছে। দেশটিতে বর্তমানে ২১শ’টিরও বেশি এ ধরনের কেন্দ্র সক্রিয় রয়েছে, যেখানে প্রায় ২৩ লাখ ৬০ হাজার পেশাজীবী কর্মরত আছেন। এসব কেন্দ্র থেকে বার্ষিক রাজস্ব আয়ের পরিমাণ প্রায় ১০০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights