ভারতের বিরুদ্ধে নতুন বাবরকে দেখতে পাচ্ছেন শোয়েব আখতার (ভিডিও)

অনলাইন ডেস্ক

বিশ্বকাপের সবচেয়ে রোমাঞ্চকর লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। সেই লড়াইয়ে মাঠে নামছে ভারত ও পাকিস্তান।

শনিবার (১৪ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের ১২তম ম্যাচে মুখোমুখি হবে এই দুই পরাশক্তি। বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে জয়ের ধারা ধরে রাখতে বদ্ধপরিকর টিম ইন্ডিয়া। আর পাকিস্তানের লক্ষ্য এবার বিশ্বকাপের তৃতীয় জয় তুলে নেয়া।

বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে নামার আগে কিছুটা হলেও চাপে পাকিস্তান অধিনায়ক বাবর আজম। কারণ ব্যাটে রান নেই পাকিস্তানের অধিনায়কের। কিন্তু বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে নতুন বাবরকে দেখতে পাচ্ছেন শোয়েব আখতার।
পাকিস্তানের সাবেক অধিনায়কের মতে, ভারতের বিরুদ্ধে ব্যাটে রানের পাশাপাশি অধিনায়ক হিসেবেও আরও ক্ষুরধার হয়ে উঠতে পারেন বাবর আজম।

বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তান নামার আগে নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও বার্তায় বাবরদের শুভেচ্ছা জানিয়েছেন শোয়েব আখতার। পাশাপাশি তিনি বলেন, ‘পাকিস্তান আফগানিস্তান নয়। পাকিস্তান পাকিস্তান। বাবরও বিশ্বের এক নম্বর ব্যাটার। হতে পারে এবার ওর ব্যাটে রান নেই। কিন্তু ভারতের বিরুদ্ধেই হয়তো দেখা যাবে বাবর শতরান করেছে। আর ভারতের বিরুদ্ধে শুধু ব্যাটার বাবর নয়, পাশাপাশি অধিনায়ক বাবরকেও দরকার পাকিস্তানের। আমার মনে হয়, ভারতের বিরুদ্ধে নেতৃত্ব আরও ক্ষুরধার হবে বাবরের। এক নতুন বাবরকে দেখতে পাব আমরা।’

বিশ্বকাপের প্রথম দুই ম্যাচের পাকিস্তানের ওপেনার ফখর জামান ও ইমাম উল হক রান পাননি। ফখরকে দ্বিতীয় ম্যাচে বাদ দেওয়া হয়েছিল। শোয়েব আখতার চান, ফখর জামান খেলুন। বদলে বাদ দেওয়া হোক ইমামকে।

তিনি বলেন, ‘আমি থাকলে ইমামকে বসিয়ে ফখরকে খেলাতাম। কারণ, ভারতের বিরুদ্ধে ফখর বরাবর ভাল খেলে। যে ক্রিকেটার যে দলের বিরুদ্ধে ভাল খেলে তাকে সেই দলের বিরুদ্ধে খেলানো উচিত। আশা করি বাবররাও সেটাই করবে। আবদুল্লাহ শফিক ভাল খেলছে। ওর সঙ্গে ফখরের ভাল জুটি হলে চাপে পড়ে যাবে ভারত।’’

এ বারের বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে জিতেছে ভারত ও পাকিস্তান। তাই দু’দলই ফর্মে রয়েছে। আমদাবাদে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। একদিকে ভারতের লক্ষ্য বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের অষ্টম জয়। অন্যদিকে ভারতের বিরুদ্ধে বিশ্বকাপে প্রথম ম্যাচ জিততে চাইছে পাকিস্তান। এখন দেখার বিষয় বাবর না রোহিত শর্মা, শেষ হাসি কে হাসেন!

সূত্র : এনডিটিভি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights