ভারতের সঙ্গে সম্পর্ক হবে প্রতিবেশীর মতো : সারজিস

অনলাইন ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, ‘ভারতের সঙ্গে সম্পর্ক হবে প্রতিবেশীর মতো। সম্পর্ক তিক্ততার হবে কি না তা ভারত কাজের মাধ্যমে নির্ধারণ করবে।’

তিনি বলেন, ‘ভারত যদি মনে করে বিগত ১৬ বছর যেভাবে আওয়ামী লীগকে নিরাপত্তা দিয়ে বাংলাদেশকে শুষে নিয়েছে, সেটা আবারও পাওয়া যাবে। সেই সুযোগ বাংলাদেশের জনগণ আর দিবে না।’

আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়ায় ব্যক্তিগত এবং পারিবারিক সফরে গিয়ে তিনি সাংবাদিকের এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘বগুড়ায় আমি প্রথম এসেছি। বগুড়া নেমেই যা দেখেছি তাতে মনে হয়েছে ৬৪ জেলার মধ্যে নামের কারণেই বগুড়া জেলা ১৬ বছর বৈষম্যের শিকার হয়েছে। বগুড়া নামের কারণেই ১৬ বছরে বগুড়ার কোনো উন্নয়ন হয়নি।’

তিনি বলেন, ‘বাংলাদেশে মানুষ এখন শতভাগ ঐক্যবদ্ধ। ভারতের কিছু মেরুদণ্ডহীন মিডিয়া সাম্প্রদায়িক প্রপাগান্ডা চালাচ্ছে। সাম্প্রদায়িক উসকানি দেওয়া হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের কিছু মিডিয়ার মাধ্যমে।’

বগুড়া শহরের মালতিনগর স্টাফ কোয়ার্টার বটতলায় অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক মোহাম্মদ আলীর বাসায় সারসিজ আলম পারিবারিক সফরে যান। সঙ্গে তার বাবা-মা ছিলেন। সারজিস আলম সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগেই বলেন, ব্যক্তিগত বিষয়ে কোনো প্রশ্ন করা যাবে না। যে বাড়িতে তিনি গিয়েছিলেন সেই বাড়ির মালিক মোহাম্মদ আলীও এ বিষয়ে মুখ খোলেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights