ভালুকায় স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় পাড়াগাঁও বাদশা মেমোরিয়েল স্কুলের অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে (১৪) অপহরণ করার অভিযোগ পাওয়া গেছে। ওই শিক্ষার্থী টংগেরচালা গ্রামের সুমন চন্দ্র দাসের মেয়ে।

এ ব্যাপারে বুধবার বিকালে সুমন চন্দ্র বাদী হয়ে চার জনকে আসামি করে ভালুকা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হল পাড়াগাঁও গ্রামের উজ্জল মিয়ার ছেলে সজীব মিয়া (১৯) ঈমান আলীর ছেলে ইলিয়াস (২৫) মুকিম উদ্দীনের ছেলে শাহাব উদ্দীন (৫০) ও মাইন উদ্দীনের ছেলে মিলন দর্জি (৩৫)।

এ ঘটনার সহযোগী ইলিয়াসকে ১৪ এপ্রিল শুক্রবার দুপুরে ভালুকা মডেল থানা পুলিশ আটক করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই ছাত্রী স্কুলে যাওয়া আসার পথে সজীব মিয়া নামের এক বখাটে যুবক প্রায় দিনই প্রেম নিবেদনসহ নানা ভাবে উত্যক্ত করে আসছিল। সুমন চন্দ্র দাস তার মেয়েকে উত্যক্ত করার ঘটনায় সজীব ও তার পরিবারের লোকজনকে কিছুদিন আগে সাবধান করে দেন। এর জের ধরে গত ১০ এপ্রিল স্কুলে যাওয়ার পথে উল্লেখিত ব্যক্তিরা ওই স্কুল ছাত্রীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। ঘটনা জানতে পেরে মেয়েকে ফিরিয়ে দেয়ার জন্য সজীবের পরিবারের কাছে অনুনয় বিননয় করে ব্যর্থ হন সুমন। পরে এ ব্যাপারে ১২ এপ্রিল সুমন চন্দ্র দাস ভালুকা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
এ ব্যাপারে মামলার তদন্তের দায়িত্বপ্রাপ্ত এস আই ফেরদৌস আহম্মেদ জানান, অভিযোগে বর্ণিত ২ নং আসামিকে গ্রেফতার করা হয়েছে। যেভাবেই হউক আজকের (শুক্রবার) মধ্যে প্রধান আসামি গ্রেফতারসহ ভিকটিমকে তারা উদ্ধার করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights