ভালোবাসার বহিঃপ্রকাশ কাজে দেখান, ছবি টানিয়ে নয় : উপদেষ্টা আসিফ মাহমুদ

অনলাইন ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আবারও নিজের ছবি দেখে ক্ষোভ প্রকাশ করেছেন। সম্প্রতি বিভিন্ন ব্যানার ও ফেস্টুনে তার ছবি ব্যবহার করে জনসাধারণের সামনে প্রদর্শন করা হয়, যা নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেছেন।

শনিবার গভীর রাতে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়ে এই বিষয়টি তুলে ধরেন আসিফ মাহমুদ। পোস্টে তিনি বাংলাদেশ রোলার স্কেটিং কমপ্লেক্সের একটি ছবি শেয়ার করেন, যেখানে তাকে অভিনন্দন জানিয়ে ব্যানার টানানো হয় এবং কয়েকজন ব্যক্তিকে সেই ব্যানারের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

আসিফ মাহমুদ তার পোস্টে স্পষ্টভাবে জানান, ভালোবাসার প্রকৃত বহিঃপ্রকাশ কাজের মাধ্যমে হওয়া উচিত, ছবি টানিয়ে বা ব্যক্তিপূজা করে নয়। তিনি বলেন, ‘ভালোবাসার বহিঃপ্রকাশ আপনার কাজ দিয়ে দেখান। বড় বড় ছবি টানিয়ে ব্যক্তিপূজার পুরনো সংস্কৃতিকে বাঁচিয়ে রেখে না। ব্যক্তিপূজা করে স্বার্থ হাসিলের সংস্কৃতির বাংলাদেশ আর নেই। স্বার্থের জন্য হোক কিংবা ভালোবেসে হোক, এধরণের প্র্যাক্টিস বন্ধ করুন।’
এই বক্তব্যের মাধ্যমে তিনি মূলত দেশের নাগরিকদের উদ্দেশ্যে একটি নতুন বার্তা দিয়েছেন। তিনি ছবির মাধ্যমে প্রদর্শনের পরিবর্তে কাজের মাধ্যমে সেবা ও ভালোবাসা প্রকাশের উপর গুরুত্ব আরোপ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights