ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাসে মাদকসেবীদের কাণ্ড!

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাসে শিক্ষকরা ব্যাডমিন্টন খেলার সময় মাদকসেবীরা ককটেল বিস্ফোরণ করেছে বলে অভিযোগ উঠেছে। তবে পুলিশ বলছে ককটেল নয়, সেগুলো পটকাবাজি ছিল। সোমবার রাত ৯টার দিকে কলেজের কান্দিরপাড় উচ্চ মাধ্যমিক শাখায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের কান্দিরপাড়ের উচ্চ মাধ্যমিক শাখার নতুন ১০ তলা ভবন ও আখতার হামিদ খান ভবনের সামনে রাতের অন্ধকারে বহিরাগতরা প্রবেশ করে। তারা সেখানে অবস্থান করে রাতধরে মাদক সেবনসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করে থাকে। দীর্ঘদিন ধরে এসব চলে আসছিল। নতুন অধ্যক্ষ আসার পর থেকে বহিরাগতদের প্রবেশ নিষেধ করেন। এদিকে গত চারদিন ধরে শিক্ষকরা সেখানে ব্যাডমিন্টন খেলা শুরু করেন। এতে মাদকসেবীরা সেখানে প্রবেশ করতে পারছিল না।

কলেজের শিক্ষকদের একটি সূত্রে জানা গেছে, সোমবার রাতে শিক্ষকরা ব্যাডমিন্টন খেলছিলেন। এ সময় উচ্চ মাধ্যমিকে ওই খেলার মাঠে আসেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাশার ভূঞা। রাত ৯টার দিকে তিনি বের হতে না হতেই কয়েকটি ‘ককটেল’ বিকট শব্দে ক্যাম্পাসের বাইরে থেকে খেলার মাঠে পড়ে। এসময় ধোঁয়ায় ছেঁয়ে যায় চারপাশ। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় কেউ আহত না হলেও শিক্ষকদের মাঝে আতঙ্ক বিরাজ করে।

শিক্ষক পরিষদ সম্পাদক গাজী মোহাম্মদ গোলাম সোহরাব হাসান বলেন, কয়েকদিন আগে কলেজ প্রশাসন বহিরাগতদের প্রবেশ নিষেধ করে। সম্প্রতি শিক্ষকরা রাতে সেখানে ব্যাডমিন্টন খেলার আয়োজন করে। রাতে সেখানে বিকট কয়েকটি শব্দ পাই। ঘটনাস্থলে গিয়ে দেখি শিক্ষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। ধারণা করছি, যারা কলেজে মাদক সেবন করতে পারছিল না, সেসব বহিরাগতরাই এই ঘটনা ঘটিয়েছে।

কুমিল্লার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, কলেজে বহিরাগত ছেলেরা ঢুকতে পারছিল না, তাই তারা পটকা ফাটিয়েছে বলে শুনেছি। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়েছে। ভিক্টোরিয়া কলেজ ও আশপাশে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights