ভিজিটিং কার্ড ছাপিয়ে খুনের বিজ্ঞাপন, অতঃপর…

অনলাইন ডেস্ক

রীতিমতো নিজের ছবি, ফোন নম্বর দিয়ে মানুষকে খুন করার জন্য ‘সুপারি কিলিং’-এর বিজ্ঞাপন আলোড়ন ফেলে দিয়েছে। ভিজিটিং কার্ড ছাপিয়ে এলাকায় পোস্টারিং করে প্রচার চালানোয় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং এলাকায়।

এ ঘটনার খবর জানতে পেরেই ক্যানিংয়ের ধর্মতলা গ্রামে তল্লাশি অভিযান চালিয়ে মোরসেলিম মোল্লা ওরফে বুলেট নামে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, ক্যানিংয়ের ধর্মতলা গ্রামের মানুষজন এই ভিজিটিং কার্ড হাতে পেয়েছেন। তাতে লেখা-‘পথের কাঁটা সরাতে হবে?‌ চিন্তার কিছু নেই। সঠিক দাম পেলেই কাজ হবে।’‌ আবার লেখা-‘‌মানুষ হাফ ও ফুল মার্ডার করা হয়।’‌ সেই ভিজিটিং কার্ডে নিজের নাম, মোবাইল নম্বর এমনকি নিজের ছবি দিয়ে সুপারি কিলিংয়ের বিজ্ঞাপন করা হয়।
এই কার্ড হাতে পেয়েই ক্যানিং থানায় খবর দেওয়া হয়। তদন্তে নেমে গ্রেফতার করা হয় মোরসেলিম মোল্লা ওরফে বুলেটকে। তার বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে একটি দেশি বন্দুক ও দু’‌রাউন্ড গুলিও উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিকে আলিপুর আদালতে তোলা হলে বিচারক সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

পুলিশ জানায়, গত দু’‌তিন ধরেই এলাকার বিভিন্ন সূত্র মারফত এই ভিজিটিং কার্ডের খবর আসছিল। সোমবার ক্যানিংয়ের ধর্মতলা এলাকাসহ সংলগ্ন বেশ কয়েকটি জায়গায় পোস্টারও পড়ে। বিষয়টি জানতে পেরেই ক্যানিং থানার পুলিশ হানা দেয় ধর্মতলা গ্রামে। সেখানে তল্লাশি চালিয়ে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ। আগেও বেআইনি অস্ত্র পাচারের অভিযোগে ২০২২ সালের আগস্ট মাসে গ্রেফতার হয়েছিল এই মোরসেলিম। এবার সরাসরি সুপারি কিলিংয়ের জন্য ভিজিটিং কার্ড ছাপিয়ে প্রচার করতে শুরু করে মোরসেলিম।

ক্যানিংয়ের গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় পঞ্চায়েত সদস্যসহ তিনজনের খুনের ঘটনায় মূল অভিযুক্ত রফিকুল সর্দারের ভাগনে মোরসেলিম মোল্লা। ওই খুনের ঘটনার তদন্তে নেমে ক্যানিং থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছিল। কিন্তু তখন নাবালক হওয়ার কারণে জামিন পেয়ে যায় মোরসেলিম।

স্থানীয়দের দাবি, জেল থেকে ছাড়া পাওয়ার পর থেকেই এলাকার মানুষকে ভয় দেখাত অভিযুক্ত। গত কয়েকদিন ধরে মানুষ খুন করার জন্য সুপারি নেওয়ার বিজ্ঞাপন দিতে শুরু করে। তবে পুলিশের জেরায় নিজের অপরাধ স্বীকার করেছে অভিযুক্ত।

মোরসেলিম মোল্লার কথায়, ‘‌ইচ্ছে হয়েছে তাই কার্ড ছাপিয়েছি। কাজের প্রচার করেছি।’‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights