ভিনিসিয়ুসকে নিয়ে রহস্য রাখলেন আর্তেতা

অনলাইন ডেস্ক
দলবদলের বাজারে গুঞ্জন আর জল্পনা-কল্পনার শেষ নেই। রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রকে ঘিরে ইংলিশ ক্লাব আর্সেনালের আগ্রহ নিয়ে ফুটবল বিশ্বে এখন তুমুল আলোচনা চলছে। দলবদল উইন্ডো বন্ধ হওয়ার আগে দলে আরও নতুন মুখ আসার জোরালো ইঙ্গিত দিয়েছেন গানার্সদের ম্যানেজার মিকেল আর্সেনাল।

সম্প্রতি স্পেনে জিরোনার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে ৪-১ ব্যবধানে জয়ের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন আর্সেনাল বস। এক সাংবাদিক যখন হালকা ছলে জানতে চান, ভিনিসিয়ুস কবে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের সঙ্গে যোগ দিচ্ছেন? তখন কোনো উত্তর না দিয়ে কেবল হেসে সেখান থেকে চলে যান আর্তেতা।

ইএসপিএন-এর প্রতিবেদন অনুযায়ী, ভিনিসিয়ুসকে পাওয়ার সম্ভাব্যতা নিয়ে কাজ করছে আর্সেনাল। তবে খেলোয়াড়ের ঘনিষ্ট সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত প্রিমিয়ার লিগের ক্লাবটির পক্ষ থেকে কোনো যোগাযোগ করা হয়নি। ভিনিসিয়ুসের সঙ্গে রিয়াল মাদ্রিদের বর্তমান চুক্তির মেয়াদ আগামী গ্রীষ্মেই শেষ হচ্ছে। নতুন চুক্তি নিয়ে সমঝোতা না হলে ক্লাব ছাড়ার পথ খোলা রাখতে পারে লস ব্লাঙ্কোসরা। কারণ তাদের শেষ নবায়ন প্রস্তাব বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। ভিনিসিয়ুস যদি দল ছাড়ার সিদ্ধান্ত নেন, তবে নিজেদের বেশ সুবিধাজনক অবস্থানে দেখছে আর্সেনাল।

ভিনিসিয়ুস ছাড়াও আরও কিছু বিষয়ে কথা বলেছেন আর্সেনাল কোচ। নতুন মৌসুম শুরুর আগে দলে আরও সাইনিং দেখা যাবে কিনা? এমন প্রশ্নে তিনি বলেন, আমরা বেশ সক্রিয় আছি এবং দলটিকে উন্নত ও সমৃদ্ধ করার চেষ্টা করছি। আগামী কয়েক সপ্তাহের মধ্যে দলে আরও কিছু পরিবর্তন আমরা দেখতে পাব। কারণ অন্য সবার মতো আমরাও আরও ভালো করতে চাই।

আর্তেতা বলেন, বর্তমান দলবদল বাজার এবং আমাদের প্রতিপক্ষদের দিকে তাকালেই তা বুঝতে পারবেন। আমরা চুপচাপ বসে থাকব না, আমাদের যা লক্ষ্য তাতে আমরা অত্যন্ত উচ্চাভিলাষী।

এই গ্রীষ্মে ক্লাব ব্রুগ থেকে প্রায় ৩ কোটি ৪০ লাখ পাউন্ড ট্রান্সফার ফিতে গ্রিক উইঙ্গার ক্রিস্টোস জোলিসকে দলে ভিড়িয়েছে আর্সেনাল। জিরোনার বিপক্ষে প্রীতি ম্যাচে আর্সেনালের জার্সিতে নিজের প্রথম গোলটিও করে ফেলেছেন তিনি। ভিনিসিয়ুস ছাড়াও নিউক্যাসেল ইউনাইটেডের ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গুইমারেসের সঙ্গেও জোরালোভাবে নাম জড়িয়েছে আর্সেনালের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights