ভিয়েতনামে পর্যটকবাহী নৌকাডুবি, নিহত ১৫ ভারতীয়
অনলাইন ডেস্ক
ভিয়েতনামের জনপ্রিয় পর্যটন দ্বীপ ফু কুওকের কাছে পর্যটকবাহী একটি নৌকা ডুবে অন্তত ১৫ ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) ঘটে যাওয়া এ দুর্ঘটনায় নৌকাটিতে মোট ৩৬ জন আরোহী ছিলেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
দুর্ঘটনার পর উদ্ধারকারীরা ২১ জনকে জীবিত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে অন্তত দুজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, নৌকাটিতে ৩২ জন ভারতীয় পর্যটক, তিনজন ক্রু সদস্য এবং একজন অ্যাটেনডেন্ট ছিলেন। ‘হন মে রুত এনগোয়াই’ দ্বীপ থেকে আন থোই বন্দরের উদ্দেশে যাত্রা শুরুর কিছুক্ষণের মধ্যেই উত্তাল সমুদ্র ও প্রবল বাতাসের কারণে নৌকাটি উল্টে যায়। এতে যাত্রী ও নৌকার কর্মীরা পানিতে তলিয়ে যান।
দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে ভিয়েতনামের কর্তৃপক্ষ। একই সঙ্গে নিখোঁজদের উদ্ধারে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
ভারতের দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানিয়েছে, ফু কুওক দ্বীপের কাছে ভারতীয় পর্যটকবাহী নৌকাডুবির ঘটনায় স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত হতাহত ও ক্ষয়ক্ষতির সঠিক তথ্য নিশ্চিত করার চেষ্টা চলছে।
এদিকে ভারতের অন্ধ্রপ্রদেশের মানবসম্পদ উন্নয়নমন্ত্রী নারা লোকেশ দুর্ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। তিনি নয়াদিল্লিতে অবস্থিত অন্ধ্রপ্রদেশ ভবন এবং রাজ্য সরকারের কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য চেয়েছেন। পাশাপাশি দুর্ঘটনায় অন্ধ্রপ্রদেশের কোনো বাসিন্দা রয়েছেন কি না, সেটিও খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অবকাশ যাপনে যাওয়া অন্ধ্রপ্রদেশের কয়েকজন পর্যটক এ দুর্ঘটনার শিকার হয়েছেন। সূত্র: এনডিটিভি।
